রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আগামী ১ আগস্ট থেকে মাসিক বেতন ৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্য সরকারের পক্ষ থেকে মাসিক ৪,৫০০ টাকা বেতন পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের অংশ ৫,০০০ টাকা বাড়িয়ে ৯,৫০০ টাকা করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের ৪,৫০০ টাকা যোগ হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর মোট মাসিক বেতন হবে ১৪,০০০ টাকা।
অন্যদিকে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আগে রাজ্যের পক্ষ থেকে তাঁরা ৪,৫৫০ টাকা পেতেন, যা বেড়ে ৯,৫৫০ টাকা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের ২,২৫০ টাকা যোগ করলে তাঁদের মোট মাসিক বেতন হবে ১১,৮০০ টাকা।
উল্লেখ্য, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে এই মাসিক বেতন কার্যকর হবে।

