বেঙ্গালুরু: এবার খাস বেঙ্গালুরুতে রান্নার গ্যাসের সংকট। বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে শহরবাসী। পরিস্থিতি এতটাই বেগতিক যে, আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) থেকে শহরের হাজার হাজার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার কড়া সতর্কতা জারি করলো বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন।
মূলত পশ্চিম এশিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর ফলে ভারতসহ বিভিন্ন দেশে এলপিজি আমদানিতে টান পড়েছে। বেঙ্গালুরুতে গত কয়েকদিন ধরেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জোগান অনিয়মিত ছিল, যা সোমবার থেকে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানান হোটেল অ্যাসোসিয়েশন সংস্থা।
শহরের হোটেল মালিকদের দাবি, মজুত থাকা গ্যাস দিয়ে বড়জোর আজ রাত পর্যন্ত কাজ চালানো যাবে। নতুন করে সিলিন্ডার না আসায় আগামীকাল মঙ্গলবার থেকে রান্না বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এর ফলে বিপাকে পড়বেন শহরের কয়েক লাখ মানুষ যাঁদের মধ্যে আইটি কর্মী, শিক্ষার্থী এবং প্রবীণ নাগরিকরা রয়েছেন যাদের প্রতিদিনের খাবারের জন্য হোটেলের ওপর নির্ভরশীল হতে হয়।
এছাড়াও এদিন তাঁরা জানান, অ্যাসোসিয়েশনের সভাপতি পি.সি. রাও জানিয়েছেন, সরকার ও তেল সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য তাঁরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।
প্রসঙ্গত, তেল কোম্পানিগুলি বলেছিল যে ৭০ দিনের জন্য গ্যাস সরবরাহে কোনও ব্যাঘাত ঘটবে না। তবে, হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া হোটেল শিল্পের জন্য এটি একটি বড় ধাক্কা,” অ্যাসোসিয়েশন বলেছে। এছাড়াও এদিন সরকারের তরফে নতুন ঘোষণা এসেছে রান্নার গ্যাস বুকিং করতে হলে এখন থেকে ২৫ দিনের আগে মিলবে না দ্বিতীয় সিলিন্ডার।


