মহিলা কুস্তিগীরদের করা যৌন হেনস্থার মামলায় ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ও প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে নির্দোষ ঘোষণা করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। সোমবার অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানোয়ারের আদালত এ রায় দেন। একই মামলায় ডব্লিউএফআইয়ের প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমারকেও নির্দোষ ঘোষণা করেন।
২০২৩ সালে অলিম্পিয়ান কুস্তিগীর বীনেশ ফোগাটসহ একাধিক মহিলা কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি থাকাকালে তিনি একাধিক নারী কুস্তিগীরকে যৌন হেনস্থা করেন। অভিযোগের পর দিল্লির জন্তর মন্তরে দীর্ঘদিন আন্দোলন করেন বীনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াসহ দেশের শীর্ষ কুস্তিগীররা।
তদন্ত শেষে দিল্লি পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে মামলার শুনানি শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমারকে নির্দোষ ঘোষণা করেন এদিন।
এর আগে একই ঘটনায় এক নাবালিকা কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া পকসো আইনের মামলাটি আদালতের অনুমতিতে প্রত্যাহার করে দেয়।
রায় ঘোষণার পর ব্রিজভূষণ শরণ সিং বলেন, শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন। আদালতের রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

