কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে দেশজুড়ে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে হওয়া সমঝোতার ভিত্তিতে অবিলম্বে সমস্ত কর্মসূচি স্থগিত করা হচ্ছে।
সিজেপির দাবি, তাদের উত্থাপিত সমস্ত গুরুত্বপূর্ণ দাবিই সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। সংগঠনের বক্তব্য, নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে যেসব পড়ুয়া আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের পরিবারকে সরকারের তরফে সর্বোচ্চ সম্ভব ক্ষতিপূরণ দেবে। ক্ষতিপূরণের পরিমাণ এবং প্রক্রিয়া পরে সরকার জানাবে।
এ ছাড়া আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যে যে সব এফআইআর দায়ের করা হয়েছিল, সেগুলি প্রত্যাহার করা হবে বলেও দাবি করেছে সিজেপি। ভবিষ্যতেও এই আন্দোলনে অংশ নেওয়া কোনও ছাত্র বা আন্দোলনকারীর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না বলে সংগঠনের দাবি।
এ ছাড়া, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সিজেপির প্রস্তাবিত পাঁচ দফা সংস্কার সনদ নিয়েও সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়। সংগঠনের দাবি, সরকার এই প্রস্তাবগুলি বিবেচনা করতে রাজি হয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বৈঠক চলবে।
এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আজ ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা করার পরই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি।
তবে উল্লেখযোগ্য বিষয়, সিজেপি এই দাবি করলেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সব দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

