বাংলার মসনদ এখন তাঁর নাগালের বাইরে। গত ৪ মে-র ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে ভবানীপুরের ঘরের মেয়েকে আর নবান্নে দেখতে চাইছে না সাধারণ মানুষ।
গতকাল ৭ মে রাজ্যপালও আইনিভাবে সিলমোহর বসিয়ে দিয়েছেন তৃণমূল শাসনের সমাপ্তিতে। কিন্তু বাস্তব পৃথিবীর ছবিটা বদলে গেলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভার্চুয়াল জগৎ’ যেন থমকে আছে সেই সোনালী দিনগুলোতেই! হারের চার দিন পরেও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এখনও বড় বড় হরফে লেখা “Honourable Chief Minister, West Bengal“। যা দেখে এখন নেটপাড়ায় রীতিমতো হাসাহাসি আর বিতর্কের ঝড় উঠেছে।
বিধানসভা ভেঙে দিলেও সরেনি পরিচয়। আইনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন। কিন্তু ফেসবুক থেকে শুরু করে এক্স (টুইটার) সবখানেই তাঁর প্রোফাইলে আগের পরিচয়টিই শোভা পাচ্ছে। আর এই ঘটনা নিয়েই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চরম চর্চা ও তোলপাড়।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিরোধী শিবিরের সমর্থকরা মমতার এই প্রোফাইল বায়ো নিয়ে খোঁচা দিতে শুরু করেছেন। তাঁদের দাবি, “বাংলার মানুষ যাঁকে প্রত্যাখ্যান করেছে, তাঁর এই পদের মোহ সাজে না।”

