NEET UG প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার বা আটক হওয়া ১৮ বছরের কম বয়সি যেসব পড়ুয়ার বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড আগে থেকে নেই, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি রাখে।
পুলিশের লাঠিচার্জ এবং আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে মঙ্গলবার একগুচ্ছ অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ জানিয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগগুলির নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। সেই কারণেই তদন্তের স্বার্থে আন্দোলন-সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল ভিডিও প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, দেশের সমস্ত রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে নজরদারি ক্যামেরার (CCTV) ফুটেজ, ড্রোনে ধারণ করা ভিডিও, পুলিশকর্মীদের বডি-ক্যামেরার ফুটেজ, ওয়্যারলেস যোগাযোগের রেকর্ড, পিসিআর লগ এবং বিক্ষোভ-সংক্রান্ত অন্যান্য সমস্ত ডিজিটাল তথ্য অক্ষত রাখতে হবে। আদালতের মতে, ভবিষ্যতের তদন্তে সত্য উদঘাটনের জন্য এই প্রমাণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
