দীর্ঘ কয়েক দশকের প্রথা ভেঙে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর ইতিমধ্যেই শিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিকাশ ভবন থেকে প্রকাশিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে, পূর্বের সমস্ত নিয়ম ও অভ্যাস বাতিল করে এখন থেকে ক্লাস শুরুর আগে স্কুল অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ গাওয়ার বিষয়টি কার্যকর করতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উদযাপনের আবহে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে এবং ১ জুন গরমের ছুটির পর স্কুল খুললেই পড়ুয়ারা এই জাতীয় গান গেয়ে দিন শুরু করবে।
ইতিমধ্যেই আলিপুরদুয়ারসহ বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাথমিক নির্দেশ পৌঁছে গিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিক্ষকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (এবিআরএসএম)। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই সিদ্ধান্তকে ‘সঠিক ইতিহাস তুলে ধরার পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

