বর্তমান সময়ে ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং অনেকের কাছে এটি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যাটফর্ম। কেউ নিজের পছন্দের বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন, কেউ খবর বা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করছেন, আবার কেউ Shorts এর মাধ্যমে দর্শক তৈরি করে আয় করছেন। ইউটিউব থেকে এখন নিয়মিত আয় করাও অনেকের কাছে পেশার অংশ হয়ে উঠেছে। তবে ইউটিউবে ভিডিও আপলোড করলেই যে সঙ্গে সঙ্গে টাকা আয় শুরু হয়ে যাবে, বিষয়টি এমন নয়। নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করে YouTube Partner Program বা YPP তে যুক্ত হতে হয়। এবার সেই YPP এর নিয়মেই বড় পরিবর্তন আনছে YouTube।
YouTube Monetization কী?
YouTube Monetization হল এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে ক্রিয়েটররা নিজেদের ভিডিও থেকে আয় করতে পারেন। সাধারণত ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হলে সেই বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের একটি অংশ সংশ্লিষ্ট ক্রিয়েটরকে দেওয়া হয়। এছাড়াও YouTube Premium, Channel Membership, Super Chat, Super Thanks, YouTube Shopping সহ বিভিন্ন মাধ্যমেও যোগ্য ক্রিয়েটররা আয় করার সুযোগ পান।
তবে বিজ্ঞাপন থেকে আয় শুরু করার জন্য চ্যানেলকে YouTube Partner Program বা YPP এর নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। এর জন্য আবেদন করতে হয়, আবেদন করার পর ইউটিউব সেই YouTube চ্যানেলের চ্যানেল এবং কনটেন্ট পর্যালোচনা করে দেখে সেটি তাদের নীতিমালা মেনে চলছে কি না। সবকিছু ঠিক থাকলে চ্যানেলে মনিটাইজেশন চালু করে দেয়।
আগে YouTube Monetization এর জন্য কী কী লাগত?
এতদিন YouTube Partner Program এর বিজ্ঞাপন ও Premium আয়ের সুবিধায় যোগ দেওয়ার ক্ষেত্রে মূলত দুটি পথ ছিল। প্রথম ক্ষেত্রে চ্যানেলে অন্তত ১,০০০ সাবস্ক্রাইবার থাকতে হত এবং গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা উপযুক্ত পাবলিক ওয়াচটাইম পূরণ করতে হত।
অন্যদিকে যারা মূলত YouTube Shorts তৈরি করেন, তাঁদের জন্য গত ৯০ দিনে ১ কোটি বা ১০ মিলিয়ন উপযুক্ত Shorts ভিউ এবং ১,০০০ সাবস্ক্রাইবারের প্রয়োজন হত। অর্থাৎ দীর্ঘ ভিডিও নির্মাতাদের ক্ষেত্রে মূল মাপকাঠি ছিল ওয়াচটাইম এবং Shorts নির্মাতাদের ক্ষেত্রে ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে Shorts ভিডিওর ভিউ।
তবে ২০২৭ থেকে বদলে যাচ্ছে YouTube Monetization
YouTube এর নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে নতুন করে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম আয়ের সুবিধায় যোগ দেওয়ার জন্য যোগ্যতার বড় পরিবর্তন এনেছে। এই
নতুন নিয়মে চ্যানেলে অন্তত ১,০০০ সাবস্ক্রাইবার থাকার পাশাপাশি গত ৩৬৫ দিনে ৮,০০০ ঘণ্টা ওয়াচটাইম অথবা গত ৯০ দিনে ২ কোটি উপযুক্ত Shorts ভিউ থাকতে হবে।
অর্থাৎ বড়ো ভিডিও তৈরি করে ইউটিউব পার্টনার প্রোগ্রামতে নতুন করে যোগ দিতে চাইলে আগের ৪,০০০ ঘণ্টার পরিবর্তে এবার ৮,০০০ ঘণ্টা ওয়াচটাইম প্রয়োজন হবে। একইভাবে Shorts নির্মাতাদের ক্ষেত্রে আগের ১ কোটি ভিউয়ের পরিবর্তে ৯০ দিনে ২ কোটি ভিউ Shorts ভিডিও থেকে আনতে হবে।
তবে, এই নতুন নিয়ম ইতিমধ্যেই ইউটিউব পার্টনার প্রোগ্রাম তে থাকা ইউটিউব ক্রিয়েটরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ বর্তমানে কোনও চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রাম তে থাকলে শুধু নতুন যোগ্যতার সীমা বেড়ে যাওয়ার কারণে সেই চ্যানেল থেকে মনিটাইজেশন তুলে নেওয়া হবে না বলে জানিয়েছে ইউটিউব।
এবার Shorts ভিডিও থেকে আয় করার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে ইউটিউব। নতুন নিয়ম অনুযায়ী, Shorts Creator Pool থেকে প্রতি মাসে আয় করতে হলে গত ৯০ দিনে ১ কোটি ভিউ আনতে হবে শর্ট ভিডিওতে। কেউ এই ১ কোটি ভিউ আনতে না পারলে তাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম বাতিল হবে না। তবে Shorts Creator Pool থেকে সেই সময়ের আয় হবে না। পাশাপাশি লং ভিডিও থেকে আয় করতে পারবেন।
শুধু বিজ্ঞাপন থেকে আয় নয়, Shorts ভিডিও যাঁরা বানান তাঁদের জন্য আরও কয়েকটি নতুন আয়ের পথও খুলতে চলেছে YouTube। যেমন, YouTube Shopping এর মাধ্যমে পণ্য বিক্রি বা প্রচার করলে অতিরিক্ত বোনাস পাওয়া যেতে পারে। আবার কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ এলে ভিডিও তৈরির খরচ মেটাতে প্রোডাকশন ক্রেডিট দেবে। বিভিন্ন জনপ্রিয় ট্রেন্ড বা বিশেষ প্রচারে অংশ নিয়েও অতিরিক্ত টাকা পেতে পারেন। তবে এই সুবিধাগুলি সবার জন্য একসঙ্গে চালু হবে না। যাঁরা যোগ্য হবেন, YouTube তাঁদের সরাসরি জানিয়ে দেবে কীভাবে এই সুযোগে অংশ নিতে পারবেন।
ইতিমধ্যে ইউটিউব জানিয়ে দিয়েছে, এই সুবিধাগুলির জন্য অন্তত ৫০০ সাবস্ক্রাইবার, গত ১২ মাসে ৩,০০০ ঘণ্টা ওয়াচটাইম অথবা গত ৯০ দিনে ৩০ লক্ষ ভিউ শর্ট ভিডিওতে থাকা লাগবে।
ইতিমধ্যেই YouTube থেকে আয় করছেন বা পুরোনো ইউটিউবার? আপনার কী করতে হবে?
আপনি যদি ইতিমধ্যেই YouTube থেকে টাকা আয় করেন এবং আপনার চ্যানেল YouTube Partner Program বা YPP তে থাকে, তা হলে ৮,০০০ ঘণ্টা ওয়াচটাইম বা ২ কোটি Shorts ভিউয়ের নতুন নিয়ম নিয়ে চিন্তা করার দরকার নেই। এই নতুন নিয়ম মূলত তাঁদের জন্য, যাঁরা ২০২৭ সালের পর নতুন করে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এ যোগ দিতে চাইবেন। তাই শুধু নতুন নিয়ম চালু হওয়ার কারণে বর্তমানে যাঁদের চ্যানেলে মনিটাইজেশন চালু রয়েছে, তাঁদের আয় বন্ধ হয়ে যাবে না।
তবে বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকা ক্রিয়েটরদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ৩১ জানুয়ারি ২০২৭ এর মধ্যে YouTube Studio তে গিয়ে নতুন শর্তাবলিতে সম্মতি জানাতে হবে। YouTube Studio তে ঢুকলেই এ বিষয়ে একটি নোটিস দেখা যাবে। সেখানে দেওয়া নির্দেশ মেনে নতুন শর্তগুলি দেখে সম্মতি জানালেই হবে।
এই সময়ের মধ্যে শর্তে সম্মতি না জানালেও চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ যাবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে মনিটাইজেশনের জন্য যে আয় করতে পারতেন তা বন্ধ হয়ে যাবে। পরে যদি ইউটিউবের নতুন শর্তে সম্মতি জানালে আবার সেই ইনকামের সুবিধাগুলি চালু হবে।
