কলকাতা, ৯ মার্চ: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত পরিস্থিতি। সোমবার সকালে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছ মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি কালো পতাকাও দেখানো হয়।
২৬ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বর্তমানে কলকাতায় রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে মন্দিরে পুজো দিতে যান সিইসি জ্ঞানেশ কুমার। তিনি মন্দির চত্বরে পৌঁছামাত্রই সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা হঠাৎ চিৎকার শুরু করেন। তাঁদের হাতে ছিল কালো পতাকা। জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে বারবার ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভের জেরে মন্দির চত্বরে সাময়িক সময়ের জন্য উত্তেজনা থাকলেও ছিলেন নিজ স্থানে অবিচল ছিলেন জ্ঞানেশ কুমার। কোনো প্রকার প্রতিক্রিয়া না দিয়ে শান্তভাবে মন্দিরে প্রবেশ করেন এবং পুজো দেন। পুজো শেষে বেরোনোর সময় তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মা কালী সকলের মঙ্গল করুন। জয় ভারত, জয় হিন্দ।” আরও বলেন, বাংলার মানুষের মঙ্গল হোক, এটাই চাই। এদিনও বিক্ষোভ প্রসঙ্গে তিনি সরাসরি কোনধরনের মন্তব্য করেননি।
উল্লেখ্য, রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার সময়ও জ্ঞানেশ কুমারকে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের সম্মুখীন হতে হয়েছিল। আজ সোমবার একই দৃশ্যের মুখোমুখি হতে হয়েছে নির্বাচন কমিশনকে। এছাড়াও বলতে শোনা যায় বিক্ষোভকারীদের ভোটার তালিকা থেকে কেন বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং অভিযোগ ওঠে, বিক্ষোভকারীরা সকলেই শাসকদল তৃণমূলের কর্মী ও সমর্থক।
