সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিওর আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হবে প্রশান্তকে। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
মঙ্গলবার, ১৩ অক্টোবর বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে প্রশান্তের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। তাঁর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, এক জন কী ভাবে গোটা ব্যবস্থাকে উপহাস করে যেতে পারেন! রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য কেন প্রয়োজনীয় পদক্ষেপ করেনি, সেই প্রশ্নও ওঠে শুনানিতে।
এর পরেই প্রশান্তের স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের লিখিত নির্দেশে বলা হয়েছে, আবেদনকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর এই আবেদন গ্রহণ করতে আগ্রহী নয় বেঞ্চ। একই সঙ্গে কলকাতা হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকার ও তার প্রশাসনিক ব্যবস্থা অবিলম্বে পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেছে শীর্ষ আদালত।
এর আগে প্রশান্তকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ করতে বলা হয়েছিল। পাশাপাশি তাঁর বেতন বন্ধ করার নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশের পরেও প্রশান্তের আত্মসমর্পণ না করা এবং তাঁকে খুঁজে বের করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের ঘটনায় প্রশান্তের নাম জড়ায়। এই মামলার তদন্ত করছে সিআইডি। আগাম জামিনের নির্দেশ খারিজ হওয়ার পর তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। গত ২৩ জানুয়ারিও সুপ্রিম কোর্ট তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল বলে জানা যায়। তার পরেও তিনি আত্মসমর্পণ করেননি। মে মাসে নিউ টাউনের ইকো পার্ক এলাকায় একটি পথদুর্ঘটনার ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরের দিন পুরনো মামলার নথি সময়মতো আদালতে না পৌঁছনোয় তিনি জামিন পান। তার পর থেকে ফের তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তবে সুপ্রিম কোর্টের ১৩ অক্টোবরের লিখিত আদেশে প্রশান্তকে নতুন করে সরাসরি আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়নি। তবে কলকাতা হাই কোর্টের আগের নির্দেশ কার্যকর করতে রাজ্যকে অবিলম্বে পদক্ষেপ করার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
