আসন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে প্রশাসনিক দপ্তরে বড় ধাক্কা নির্বাচন কমিশনের। জানানো হয়েছে, রাজ্যের মোট ৮৩ জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে (ARO) তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো আধিকারিক একই পদে তিন বছর বা তার বেশি সময় থাকলে নির্বাচনের আগে তাঁদের বদলি করা দস্তুর। এদিন সেই নিয়ম মেনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) পাঠানো প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দিয়েছে দিল্লি।
এই বদলির তালিকায় রাজ্যের উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, মেদিনীপুর এবং বীরভূমের মতো জেলাগুলো রয়েছে। তবে বিশেষ বিষয় হলো, কমিশনের কাছে মোট ৮৪ জন আধিকারিকের নামের প্রস্তাব পাঠানো হলেও, বীরভূম জেলার সিউড়ি-১ ব্লকের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হাসনাত আলির নাম এই দফায় বাদ পড়েছে। অর্থাৎ, তালিকায় থাকা বাকি ৮৩ জনের বদলি কার্যকর হলেও এই একজনের বদলি আপাতত স্থগিত রেখেছে, যা নিয়ে তৈরি হয়েছে প্রশাসনিক মহলে গুঞ্জন।

