আজ ২৯ এপ্রিল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকেই কড়া নিরাপত্তার মধ্যে বুথে বুথে লাইন দিতে শুরু করেছেন ভোটাররা। এই দফায় ৭টি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। ৩ কোটি ২১ লক্ষের বেশি ভোটার আজ ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। যার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২২০ জন। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত আপিল ট্রাইব্যুনাল তাদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নতুন করে ১৪৬৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। প্রথম দফার আগে মাত্র ১৩৯ জন সুযোগ পেলেও, এবার সংখ্যাটা বেড়েছে। শেষ মুহূর্তের এই রায়ে তারা আজ বুথে গিয়ে নিজের ভোট দিতে পারছেন। তবে এই তালিকায় নতুন করে ৬ জনের নাম বাদও দেওয়া হয়েছে।
একদিকে যেমন কিছু মানুষের নাম উঠলেও অন্যদিকে বড় অংশের নাম কার্যত এখনও বাদ পড়ে আছে।
তথ্য অনুযায়ী জানা যায়, আজ যে ১৪২টি আসনে ভোট হচ্ছে, সেখানে ‘SIR’ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১২ লক্ষ ৯০ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন জমা পড়লেও সময়ের অভাবে বড় অংশের আবেদন এখনও ‘নিষ্পত্তিহীন’ অবস্থায় পড়ে রয়েছে। ফলে আজ কয়েক লক্ষ ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
