রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই রাজ্যের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার রাশ শক্ত হাতে ধরলেন শুভেন্দু অধিকারী। এদিন ধর্মতলায় পূর্ত দফতরের তাঁবুতে এক জরুরি বৈঠকে বসেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।
সূত্রের খবর, এই প্রথমিক বৈঠকেই রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ আমলা ও পুলিশকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুধুমাত্র প্রাথমিক বৈঠকেই থেমে থাকছেন না তিনি।
প্রশাসন সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ ১১ মে বিকেলে নবান্ন সভাঘরে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৫টা নাগাদ এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হওয়ার কথা। ৯ মে রাজ্য পুলিশের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য সমস্ত জেলার পুলিশ সুপার (SP), কমিশনার অব পুলিশ (CP), রেলওয়ে পুলিশের পদস্থ আধিকারিক এবং আইজি ও এডিজি পদমর্যাদার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের সঙ্গে এটিই হবে তাঁর প্রথম বড় সমন্বয় বৈঠক। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতি আনা এই দুই বিষয়কেই সোমবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারেন শুভেন্দু। জল্পনা চলছে, সোমবারের এই সভা থেকেই পুলিশ ও প্রশাসনের নিচুতলার কর্মীদের জন্য বড় কোনো কড়া বার্তা বা নতুন নির্দেশিকা জারি করতে পারেন মুখ্যমন্ত্রী
