রাজ্যের আশা কর্মীদের জন্য বড় সুখবর। তাঁদের মাসিক বেতন এক লাফে ৫ হাজার টাকা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে আশা কর্মীরা যে ৬ হাজার ২৫০ টাকা মাসিক বেতন পান, তা বৃদ্ধি পেয়ে আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে হবে ১১ হাজার ২৫০ টাকা। এর পাশাপাশি কর্মদক্ষতার ভিত্তিতে যে মাসিক ইনসেনটিভ দেওয়া হয়, সেটিও আগের মতোই চালু থাকবে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আশা কর্মীদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন ছিল। বিষয়টি পর্যালোচনার পর রাজ্য সরকার এই বৃদ্ধির অনুমোদন দিয়েছে রাজ্য অর্থ বাজেটে। নতুন হারে মাসিক বেতন কার্যকর হওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ রাজ্য বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে বরাদ্দ করা হয়।
উল্লেখ্য, আশা কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছিলেন। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন বিজেপি সরকার। ফলে আগামী ১ আগস্ট থেকে রাজ্যের হাজার হাজার আশা কর্মীর মাসিক বেতন আগের থেকে ৫ হাজার বেড়ে ১১ হাজার ২৫০ টাকা হচ্ছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
