কেন্দ্রের ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় আয়োজিত এক সভায় তিনি জানান, আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে পদযাত্রা করবেন তাঁরা। ই-২০ পেট্রল নিয়ে দেশের মানুষের ক্ষোভের কথা তুলে ধরে তিনি সরকারের সামনে তিনটি দাবি রাখেন।
কেজরিওয়ালের প্রথম দাবি, দেশের সব পেট্রল পাম্পে সাধারণ (Pure) পেট্রল এবং ই-২০—দুই ধরনের জ্বালানিরই বিকল্প রাখতে হবে, যাতে গ্রাহক নিজের পছন্দমতো জ্বালানি কিনতে পারেন।
দ্বিতীয় দাবি, ই-২০ পেট্রলের দাম সাধারণ পেট্রলের তুলনায় কম রাখতে হবে।
তৃতীয়ত, দেশের পেট্রলের দাম প্রতি লিটার ৮৪ টাকার নিচে নামানোর দাবি জানান তিনি।
এদিন কেন্দ্রের দাবি নিয়েও প্রশ্ন তোলেন আপ প্রধান। সরকারের বক্তব্য, ই-২০ পেট্রল ব্যবহারে গাড়ির কোনও ক্ষতি হয় না। এর জবাবে কেজরিওয়াল বলেন, যদি সত্যিই এমন গবেষণা হয়ে থাকে, তাহলে সেই গবেষণার পূর্ণাঙ্গ রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হোক। পাশাপাশি তিনি দাবি করেন, ই-২০ নীতির বিরুদ্ধে শুরু হওয়া অনলাইন গণস্বাক্ষর অভিযানে ইতিমধ্যেই ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষ সমর্থন জানিয়েছেন।
আম আদমি পার্টি জানিয়েছে, ই-২০ পেট্রল নীতির বিরুদ্ধে এই গণস্বাক্ষরের কপি প্রধানমন্ত্রীকে জমা দিতেই আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় প্রায় ১০০ জন সমর্থককে সঙ্গে নিয়ে লোক কল্যাণ মার্গের উদ্দেশে পদযাত্রা করবেন কেজরিওয়াল।
সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকজন গাড়ির মালিকও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, ই-২০ পেট্রল ব্যবহারের পর গাড়ির মাইলেজ কমে গেছে এবং কিছু ক্ষেত্রে ইঞ্জিনের পারফরম্যান্সেও পরিবর্তন দেখা দিয়েছে। যদিও এই দাবিগুলির বিষয়ে সরকার এখনও আগের অবস্থানেই অনড় রয়েছে এবং জানিয়েছে, অনুমোদিত ই-২০ উপযোগী যানবাহনের জন্য এই জ্বালানি নিরাপদ।

