ঘুষ ও জালিয়াতির অভিযোগে আমেরিকার আদালতে চলা হাই-প্রোফাইল মামলায় বড় স্বস্তি পেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। ব্রুকলিনের ফেডারেল কোর্ট তাঁর ও তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজের আবেদন মঞ্জুর করেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে মার্কিন তদন্তকারীদের পক্ষ থেকে আদানিদের বিরুদ্ধে ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার জন্য প্রায় ২৬ কোটি ডলারেরও বেশি ঘুষ দেওয়ার পরিকল্পনা এবং মার্কিন বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপনের গুরুতর অভিযোগ আনা হয়েছিল। মার্কিন বিচার বিভাগ (DOJ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) এই ঘটনায় পৃথক ভাবে ফৌজদারি ও দেওয়ানি অভিযোগ দায়ের করেছিল।
মার্কিন প্রশাসন এই মামলাটি আর এগিয়ে নিয়ে যেতে না চাওয়ায় আদানিদের আইনজীবীরা আদালত মামলা খারিজের আবেদন জানান এবং শেষ পর্যন্ত বিচারক নিকোলাস গারাউফিস ফৌজদারি অভিযোগ খারিজের অনুমতি দেন। তবে মামলা প্রত্যাহারের পুরো প্রক্রিয়া নিয়ে বিচারক তীব্র অসন্তোষ প্রকাশ করে একে ‘অনিয়ম’ ও উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তাঁর মতে, সংশ্লিষ্ট তদন্তকারীদের মতামতকে পাশ কাটিয়ে বিচার বিভাগের উচ্চপদস্থ আধিকারিক ট্রেন্ট ম্যাককটারের একক সিদ্ধান্তে এই পথ তৈরি হয়েছিল। অবশ্য ২০২৪ সালে আমেরিকায় আদানি গোষ্ঠীর ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি এই মামলা প্রত্যাহারে কোনো প্রভাব ফেলেছিল কি না, তা খতিয়ে দেখে বিচারক জানিয়েছেন যে এর স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আদানি অবশ্য আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা রেখেই তিনি মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। কঠিন সময়েও সত্য, ন্যায় এবং আইনের শাসনের উপর তাঁদের বিশ্বাস অটুট ছিল বলেও দাবি করেন তিনি। যাঁরা তাঁদের উপর এবং বিচারব্যবস্থার উপর আস্থা রেখেছেন, তাঁদের ধন্যবাদ জানান আদানি। একই সঙ্গে দেশের জন্য কাজ করে যাওয়া এবং বৃহত্তর উদ্দেশ্যে নিজেদের অবদান রেখে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
