SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের মতবিরোধের খবর প্রকাশ্যে আসার পর পুরনো ভোটার তালিকা ফিরিয়ে এনে ফের ভোট করানোর দাবি তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সমাজমাধ্যমে দেওয়া বার্তায় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন মমতা। সেখানেই SIR-এর প্রভাবে যে সব রাজ্যে নির্বাচন হয়েছে, সেই রাজ্যগুলিতে পুরনো ভোটার তালিকা ব্যবহার করে নতুন করে ভোট করানোর দাবি জানান তিনি।
মমতা বলেন, “যে মানুষের নাম বাদ গেছে, পুরনো লিস্ট ফেরাতে হবে। যে যে রাজ্য SIR-এর নামে EVM মেশিন ক্যাপচার করে জিতেছে, সেই রাজ্যগুলিতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।”
তাঁর অভিযোগ, SIR-এর মাধ্যমে ভোটার তালিকায় পরিবর্তন করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং মধ্যপ্রদেশের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতার দাবি, এই রাজ্যগুলিতে বিজেপি ভোটে জেতেনি।
বাংলার প্রসঙ্গে মমতা বলেন, “জোর করে বাংলার ভোট লুট করেছে। আপনারা ভোটে জেতেননি। যদি এক ফোঁটা নীতিবোধ থাকে, আমাদের নির্বাচন ফিরিয়ে দিন।” তাঁর বক্তব্য, ভোটার তালিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার সমাধান না করে নির্বাচনের ফলকে চূড়ান্ত বলে মেনে নেওয়া যায় না।
মমতার এই বক্তব্যের পটভূমিতে রয়েছে নির্বাচন কমিশনের অন্দরের মতবিরোধ নিয়ে প্রকাশিত একটি রিপোর্ট। সেখানে দাবি করা হয়েছে, গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়া-সহ একাধিক বিষয় সেই আপত্তির মধ্যে ছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
পশ্চিমবঙ্গে SIR-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়েও দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, SIR-এর সময় রাজ্যে ২৭.১৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তাঁদের মধ্যে ২২ লক্ষেরও বেশি ভোটার ফের তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন বলে কমিশন জানিয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটারের মতো কারণ বিবেচনা করা হয়েছিল। কোনও নির্বাচনের ফল নিয়ে আইনি প্রশ্ন থাকলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
