ফিলিস্তিনে এবার ২০০ শয্যার একটি অত্যাধুনিক সুপার-স্পেশালিটি হাসপাতাল ও ট্রমা সেন্টার নির্মাণ করবে ভারত। পশ্চিম তীরের জেনিন গভর্নরেটে একটি ২০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। নতুন এই হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসাসেবার পাশাপাশি একটি ডেডিকেটেড ‘ট্রমা সেন্টার’ থাকবে।
বিদেশ মন্ত্রকের (MEA) পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনের উত্তর-পশ্চিম তীরের জেনিন গভর্নরেটের আররাবেহ (Arrabeh) শহরে এই হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে। আগামী দুই বছরেই তৈরি হয়ে যাবে এই হাসপাতাল বলে জানিয়েছে। হাসপাতালটি চালু হলে জেনিন ছাড়াও তার সংলগ্ন তুলকারম (Tulkarm) এবং তুবাস (Tubas) অঞ্চলের সাধারণ ফিলিস্তিনি নাগরিকরা উন্নত চিকিৎসা সুবিধা পাবেন।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ড. মোহাম্মদ মুস্তাফা এবং ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি সই হয়। হাসপাতাল তৈরির পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ সংস্থার ভেতরে একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতেও সব ধরনের সাহায্য করবে নয়াদিল্লি। এছাড়াও, ফিলিস্তিনের অনুরোধে সম্প্রতি সেখানে জীবনদায়ী ক্যানসারের ওষুধ পাঠিয়েছে ভারত সরকার। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজায় একটি ফিল্ড হাসপাতাল (অস্থায়ী চিকিৎসা কেন্দ্র) চালুর প্রস্তুতিও নিচ্ছে সাউথ ব্লক।
