অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, প্রশাসনের ভিতরে থাকা তৃণমূলের কিছু লোক অন্নপূর্ণা যোজনা নিয়ে গণ্ডগোল পাকাচ্ছেন। এর জেরে যোগ্য মহিলারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি মন্ত্রীর।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে পুরসভা সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেই সময় জেলাশাসকের দফতরের নিচে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা বিক্ষোভ শুরু করেন। আবেদন করার পরেও কেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
বিক্ষোভের খবর পেয়ে বৈঠক ছেড়ে নিচে নেমে আসেন অগ্নিমিত্রা। জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং বিধায়ক শংকর গুছাইতকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। মহিলাদের অভিযোগ শোনার পর তাঁদের ‘এনরোলমেন্ট নম্বর’ সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জমা দিতে বলেন মন্ত্রী। তাঁর আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর পরেই অন্নপূর্ণা যোজনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, প্রশাসনের ভিতরে থাকা তৃণমূলের কিছু লোক ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছেন। তিনি বলেন, বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জানাবেন।
অগ্নিমিত্রা আরও জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে| তাই সবাইকে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরুন। যোগ্য প্রত্যেক মহিলাই অবশ্যই এর সুবিধা পাবেন।
এর আগে বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়িও অন্নপূর্ণা যোজনায় যোগ্যদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিলেন। তাঁরও দাবি ছিল, কিছু ক্ষেত্রে অযোগ্যদের সুবিধা পাইয়ে দেওয়ার কারণে সমস্যা তৈরি হচ্ছে।
অন্যদিকে, শুক্রবার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখান মহিলারা। কোথাও বিডিও অফিস, কোথাও পুরসভায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কয়েকটি জায়গায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে রেল অবরোধের ঘটনাও ঘটে।
প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যজুড়ে যখন ক্ষোভ বাড়ছে, তখনই এই সমস্যার নেপথ্যে তৃণমূলের ‘চক্রান্তের’ অভিযোগ তুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রশাসনের ভিতরে থাকা তৃণমূলের লোকজনই যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের সুবিধা পাইয়ে দিচ্ছেন বলে দাবি মন্ত্রীর। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

