অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভের মধ্যেই এল বড় সুখবর। ‘আন্ডার প্রসেস’ থাকা একাধিক আবেদনের স্ট্যাটাস বদলাতে শুরু করেছে। ধাপে ধাপে অনুমোদন মিলছে যোগ্য আবেদনকারীদের। একই সঙ্গে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে প্রতিশ্রুত ৩ হাজার টাকা।
বৃহস্পতিবার কলকাতার সুভাষ উদ্যান (নর্দান পার্ক)-এ অন্নপূর্ণা যোজনার উপভোক্তা মাতৃমণ্ডলীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, শুধু কোনও একটি এলাকার নয়, যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার কাজ করছে।
এদিনের অনুষ্ঠানে ভবানীপুর বিধানসভা এলাকার অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় তথ্য দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভবানীপুর বিধানসভায় মোট প্রায় সাড়ে ১৭ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আজকে সাড়ে চোদ্দ হাজার, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট সতেরো হাজার অন্নপূর্ণা যোজনার টাকা, তিন হাজার করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকল ভবানীপুর বিধানসভায়।’’
এর ফলে যাঁদের আবেদন এতদিন প্রক্রিয়াধীন ছিল, তাঁদের মধ্যেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও সব আবেদনকারীর টাকা একই দিনে ঢুকবে না আবেদন অনুমোদনের পর ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে।
ফর্ম ফিলাপ করার পরেও টাকা পায়নি তাদের জন্য এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেন শুভেন্দু। তিনি জানান, এখনও কেউ আবেদন না করে থাকলে ৩১ জুলাইয়ের মধ্যে পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।
অনেক মহিলা অনলাইনে পোর্টাল ব্যবহার করতে পারেন না। তাঁদের যাতে আবেদন করতে সমস্যা না হয়, তার জন্য স্থানীয় স্তরে সহায়তার কথাও জানান তিনি। বিধায়কের কর্মী, মণ্ডল কর্মী, ওয়ার্ডের কর্মী এবং মহিলা মোর্চার কর্মীরা গিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে উপভোক্তাদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, একজনও যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ যাবেন না। তিনি বলেন, ‘‘শুভেন্দুর উপর বিশ্বাস রাখুন।’’ অর্থাৎ, যাঁদের আবেদন এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে, তাঁদেরও ধাপে ধাপে আবেদন যাচাই ও অনুমোদনের পর টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্ট্যাটাস এখনও পরিবর্তন না হলেও যোগ্য আবেদনকারীদের অপেক্ষা করতে বলা হচ্ছে।
এদিন অন্নপূর্ণা যোজনাকে ঘিরে আরও একটি বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর উপলক্ষে গোটা রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলে জানান তিনি।
অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিকে সামনে রেখেই ওই দিন রাজ্যজুড়ে কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।

