রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর দায়ে মায়ানমারকে দায়ী করল রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছিল বলে বৃহস্পতিবার রায়ে জানাল আদালত। ৯-৬ ভোটে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিচারকেরা। কোনও রাষ্ট্র গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের এমন রায় এই প্রথম।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ঘোষণা করেন আদালতের সভাপতি ইউজি ইওয়াসাওয়া। প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনানো হয়।
রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর মায়ানমারের সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিল, তার পিছনে ওই জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। আদালতের মতে, সামনে আসা তথ্যপ্রমাণ থেকে এই সিদ্ধান্তে পৌঁছনো ছাড়া অন্য কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়নি।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, সেনা অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে। মহিলাদের ধর্ষণ ও যৌন নির্যাতন করা হয়েছে। শিশুদের উপরেও চালানো হয়েছে ভয়াবহ অত্যাচার। পুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক গ্রাম ও বাড়িঘর। বাংলাদেশে পালানোর চেষ্টা করার সময়ও রোহিঙ্গাদের উপর হামলা চালায় মায়ানমারের সেনাবাহিনী।
রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের অভিযানে ১০ হাজারের বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। ওই সময় কয়েক লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
এই রায়ের পাশাপাশি রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়েও একাধিক নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ-সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানের সঙ্গে মায়ানমারে নিজেদের বাড়িতে ফিরতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে মায়ানমারকে।
পরিবারের সদস্যদের একসঙ্গে থাকার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যাঁদের বাড়িঘর ও সম্পত্তি নষ্ট হয়েছে, সেগুলি ফিরিয়ে দেওয়া অথবা তার পরিবর্তে উপযুক্ত ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
গণহত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করতে হবে। প্রয়োজন হলে তাঁদের বিচার ও শাস্তির ব্যবস্থাও করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্বও মায়ানমারের।
গণহত্যার কারণে রোহিঙ্গাদের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তা এখনই নির্ধারণ করা হয়নি। এই বিষয়ে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২বছরের মধ্যে আদালতে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে মায়ানমারকে।
উল্লেখ্য যে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। তাদের অভিযোগ ছিল, রোহিঙ্গাদের উপর অত্যাচার চালিয়ে মায়ানমার ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করেছে।
মামলার আবেদনে গাম্বিয়া জানায়, মায়ানমারের সেনা অভিযানের জেরে অন্তত ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই ঘটনার জন্য রাষ্ট্র হিসেবে মায়ানমারকে দায়ী করা হয়।
২০২০ সালের ২৩ জানুয়ারি রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত। গণহত্যা সংক্রান্ত অপরাধ যাতে না ঘটে এবং এই ঘটনার প্রমাণ যাতে নষ্ট না করা হয়, তা নিশ্চিত করতে বলেছিল আদালত।
এর পর ২০২২ সালের ২২ জুলাই মায়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে আদালত জানায়, এই মামলার বিচার করার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
২০২৬ সালের ১২ জানুয়ারি মামলার মূল বিষয় নিয়ে শুনানি শুরু হয়। ২৯ জানুয়ারি পর্যন্ত চলে শুনানি। অবশেষে ১৯ নভেম্বর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করল আদালত।
২০১৭ সালে মায়ানমারের সেনা অভিযানের পর থেকে বাংলাদেশে আশ্রয় নিয়ে রয়েছেন লক্ষাধিক রোহিঙ্গা। তাঁদের অনেকেই কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন দেশে ১৩ লক্ষের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
