নিউ ফরাক্কায় রেললাইনে ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের ট্রেন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে আরও ১৩টি ট্রেনের রুট পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। রেলের আপডেট ২০ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন দিনে যাত্রা শুরু করা মোট ১৩টি দূরপাল্লার ট্রেনকে বিকল্প পথে চালানো হচ্ছে। এই তালিকায় বন্দে ভারত এবং শতাব্দী এক্সপ্রেসের মতো হাই-প্রোফাইল ট্রেনও রয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ৩, ৪ এবং ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ট্রেনগুলির গতিপথ বদল করা হয়েছে। এর মধ্যে ৫ সেপ্টেম্বরের, অর্থাৎ রবিবারের ৭টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ভোগান্তি এড়াতে কোন ট্রেন কোন পথে ঘুরিয়ে দেওয়া হলো, তার একটি তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ২২৩০১ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, ১২০৪২ নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং ১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস নিউ ফরাক্কার পরিবর্তে আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।
৫ সেপ্টেম্বরের ১৪০০৩ মালদহ টাউন–নিউ দিল্লি এক্সপ্রেসকে কাটিহার–মানসি–মুঙ্গের–কিউল হয়ে চালানো হচ্ছে। এ ছাড়া, ৩ ও ৪ সেপ্টেম্বর রওনা দেওয়া ১৫৭৪৪ ভাটিন্ডা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস এবং ০৯০৩৩ উধনা–মালদহ টাউন স্পেশাল ট্রেন দুটিকেও এই একই বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
৫ সেপ্টেম্বরের ১৬৫২৪ বালুরঘাট–এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং ১৩১৭৫ শিয়ালদহ–শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–নলহাটি হয়ে চলবে। পাশাপাশি, ৪ সেপ্টেম্বরের ১২৩৪৬ গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস এবং ১৭০৩২ আগরতলা–চারলাপল্লি এক্সপ্রেস সহ আরও কয়েকটি ট্রেনের রুট এই পথেই পরিবর্তন করা হয়েছে।


