চিঠি লেখার অভ্যাস খুইয়েছে এই প্রজন্ম। তবু কেউ কেউ উল্টো স্রোতে হাঁটেন। আবার এমনও বহু লোক আছে, যাদের কাছে অজানাই রয়ে গিয়েছে চিঠি লেখার আনন্দ। সেসব লুকিয়ে থাকা ভালোলাগাকে প্রাণ দিতেই প্রতিবছরই পত্র প্রতিযোগিতার আসর বসায় ডাক বিভাগ। আঞ্চলিক ও জাতীয়স্তরের ওই প্রতিযোগিতার এবারের বিষয়— “A Letter to Mother Earth: My Promise to Protect Nature” অর্থাৎ “ধরিত্রী মাতাকে একটি চিঠি: প্রকৃতি রক্ষার আমার অঙ্গীকার“। মোবাইল স্ক্রিনের চটকদার দুনিয়া থেকে খানিকটা সময় বের করে নিয়ে মনের ভাব কাগজের পাতায় ফুটিয়ে তুললেই এবার মিলবে মোটা অঙ্কের নগদ টাকা। জাতীয় স্তরের এই ‘ঢাই অক্ষর’ (Dhai Akhar) পত্র লিখন প্রতিযোগিতার (অর্থবর্ষ ২০২৬-২৭) মাধ্যমে ভারতীয় ডাক বিভাগ (Department of Posts) এক লপ্তে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজ জেতার এক অবিশ্বাস্য সুযোগ নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ সার্কেলের (যার মধ্যে সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও অন্তর্ভুক্ত) সমস্ত বাসিন্দা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
কোন কোন ভাষায় লেখা যাবে? ধরিত্রী মায়ের কাছে নিজের অঙ্গীকারের কথা প্রতিযোগীরা তাঁদের পছন্দমতো বাংলা, ইংরেজি, হিন্দি বা যেকোনো আঞ্চলিক (vernacular) ভাষায় লিখে পাঠাতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ভুলেও কিন্তু কম্পিউটার বা মোবাইলে টাইপ করে চিঠি পাঠাবেন না! টাইপ করা চিঠি পেলেই তা সরাসরি বাতিল করে দেওয়া হবে। পুরস্কার জিততে হলে দরকার সম্পূর্ণ হাতে লেখা (Handwritten) চিঠি।
কারা অংশ নিতে পারবেন এবং শব্দসীমা কত?
প্রতিযোগিতার দু’টি ভাগ। একটি ১৮ বছর বয়স পর্যন্ত। অন্যটি তার উপরের বয়সের জন্য। দু’টি বিভাগেই আবার দু’টি করে ভাগ। একটি খামে ভরা চিঠি, অন্যটি ইনল্যান্ড লেটার। খামের চিঠিটির শব্দসংখ্যা ১ হাজারের মধ্যে হতে হবে। ইনল্যান্ড লেটারের ক্ষেত্রে তা ৫০০ শব্দ। প্রতিটি ভাগ থেকেই সেরা তিনটি চিঠি বেছে নেওয়া হবে (১২টি) এবং পুরস্কৃত করা হবে লেখকদের। সেই চিঠিগুলিই দেশীয়স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠাবে প্রতিটি রাজ্য বা পোস্টাল সার্কেল।
আঞ্চলিকস্তরে চারটি ভাগেই আলাদা আলাদা করে চারটি প্রথম পুরস্কার দেওয়া হবে, যার প্রতিটির অর্থমূল্য ২৫ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের অর্থমূল্য ১০ ও ৫ হাজার টাকা। এর সাথে বিজয়ীদের দেওয়া হবে শংসাপত্র। তারপর এই পর্যায়ের সেরাদের নিয়ে জাতীয়স্তরে হবে প্রতিযোগিতা। সেখানে পুরস্কারের অর্থমূল্য ৫০, ২৫ এবং ১০ হাজার টাকা।
কীভাবে এবং কবে পাঠাতে হবে চিঠি?
প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং চিঠি পোস্ট করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২৬। চিঠি লেখার পর তার ওপর একটি স্ব-ঘোষণা পত্র বাধ্যতামূলকভাবে লিখতে হবে: “I certify that I am below/above the age of 18 as on 01/01/2026”. আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গেলেই এই প্রতিযোগিতার জন্য নির্দিষ্ট একটি বিশেষ লেটার বক্স বা ড্রপ বক্স পেয়ে যাবেন। সেখানেই আপনাকে চিঠিটি ‘Chief Postmaster General, West Bengal Circle, Kolkata-700012’-এর ঠিকানায় পাঠাতে হবে।
আরও বিস্তারিত জানতে নোটিফিকেশন দেখুন- Download Now

