নিউ ফরাক্কায় লাইন মেরামতির কাজ শেষ হয়ে গেলেও ট্রেন চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বেশ কিছু সতর্কতা মেনে ওই শাখায় নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালাতে হচ্ছে। ট্রেন চলাচলের ক্ষেত্রে সমস্যার কারণে রবিবার সন্ধ্যায় তিনটি ট্রেনকে তাদের নির্ধারিত পথের বদলে ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ শাখা দিয়ে চালানোর কথা জানানো হয়েছে। ওই সব ট্রেনের মধ্যে রয়েছে ,
১৩১৪৭ শিয়ালদহ – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৪৯ শিয়ালদহ – আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং ১২৩৪৩ শিয়ালদহ – হলদিবাড়ি দার্জিলিং মেল।
রেলের পক্ষ থেকে যাত্রীদের সফরের আগে সময়সূচি এবং রেলের বার্তা দেখে সফরের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, একই কারণে রেলের পক্ষ থেকে আরও কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী,
১২৩৪৫ হাওড়া – গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, ২২৫০৩ কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস এবং ১২৫৫১ এসএমভিবি বেঙ্গালুরু – কামাখ্যা এক্সপ্রেস
ঐসব ট্রেনের তাদের চেনা রুট বদলে রামপুরহাট – নলহাটি – আজিমগঞ্জ – নিউ ফরাক্কা – মালদা টাউন শাখা দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে।
অন্যদিকে, ১৬৫৯৭ এসএমভিবি বেঙ্গালুরু – আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি রামপুরহাট – গুমানি – ব্যাল্লালপুর হয়ে তার গন্তব্যের দিকে রওনা দেবে।
রুট পরিবর্তনের পাশাপাশি আজ রাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচীও পরিবর্তন (Reschedule) করেছে রেল। এর মধ্যে রয়েছে,
১. ১৩১৫৩ শিয়ালদহ – মালদা টাউন গৌর এক্সপ্রেস, যা আজ রবিবার রাত ১০:০৫ মিনিটের পরিবর্তে লেটে অর্থাৎ রাত ১২:৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।
২. একইভাবে, রাত ১১:২০ মিনিটের ১২৩৭৭ শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস আজ মাঝরাত পেরিয়ে অর্থাৎ সোমবার ভোর রাত ১২:২০ মিনিটে রওনা দেবে।
রেলের এই আকস্মিক সিদ্ধান্তের জেরে আজ রাতে উত্তরবঙ্গগামী যাত্রীদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।


