UPI লেনদেন নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। ২,০০০ টাকা পর্যন্ত UPI পেমেন্ট এবং RuPay চালিত ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কোনও ধরনের চার্জ নেওয়া যাবে না বলে জানিয়েছে। ফলে নতুন নিয়ম সামনে আসার পর ২,০০০ টাকার বেশি UPI লেনদেন নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।
১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Payment and Settlement Systems Act, 2007-এর ১০এ ধারার অধীনে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে টাকা পাঠানো বা গ্রহণকারী ব্যক্তির উপর সরাসরি কিংবা পরোক্ষ ভাবে কোনও চার্জ চাপানো যাবে না।
নতুন নিয়মে RuPay চালিত ডেবিট কার্ড এবং ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনকে এই সুরক্ষার আওতায় রাখা হয়েছে। এরফলে যাঁরা এই সীমার মধ্যে লেনদেনের জন্য ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম প্রোভাইডার কোনও ফি নিতে পারবে না।
তবে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। বিজ্ঞপ্তিতে ২,০০০ টাকার বেশি ব্যক্তিগত লেনদেনের জন্য সাধারণ গ্রাহকের কাছ থেকে চার্জ নেওয়ার কোনও নির্দেশ দেয়নি। ফলে বন্ধু, আত্মীয় বা পরিবারের সদস্যকে ২,০০০ টাকার বেশি টাকা UPIতে পাঠালেই আলাদা চার্জ দিতে হবে এমনটা নয়।
তাহলে MDR নিয়ে এত আলোচনা কেন? মূলত বড় অঙ্কের বাণিজ্যিক বা মার্চেন্ট লেনদেনকে ঘিরেই এই আলোচনা। ভবিষ্যতে নির্দিষ্ট সীমার বেশি কিছু মার্চেন্ট লেনদেনে সামান্য Merchant Discount Rate বা MDR চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, এই ধরনের চার্জ থাকলেও তার বোঝা সাধারণ ক্রেতার উপর চাপানোর কথা নয়। MDR-এর বিষয়টি মূলত মার্চেন্টদের জন্য বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে UPI ব্যবস্থার পরিকাঠামো, প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার খরচ মেটাতে ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
তাই আপাতত ২,০০০ টাকার সীমা দেখে সাধারণ UPI ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ২,০০০ টাকার বেশি ব্যক্তিগত UPI লেনদেন করলেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হবে কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তিতে এমন কোনও নিয়ম নেই।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
