ইনস্টাগ্রামে কোনও পোস্ট বা রিল শেয়ার করতে গিয়ে হঠাৎ ‘মিউজ (Muse)’ নামের নতুন একটি অপশন দেখতে পাচ্ছেন? হোয়াটসঅ্যাপে কোনও ছবি বা ভিডিয়ো শেয়ার করার সময় যেমন বিভিন্ন অ্যাপের নাম সামনে আসে, ঠিক তেমনভাবেই ইনস্টাগ্রামের শেয়ার মেনুতেও দেখা যাচ্ছে ‘মিউজ’। গোল পুতুলের মতো দেখতে একটি আইকনের নিচে রয়েছে ‘Muse’ লেখা। ফোনে আলাদা করে ‘Muse’ অ্যাপ ইনস্টল না করেও এই অপশন সামনে আসায় স্বাভাবিকভাবেই অনেকের প্রশ্ন, আসলে কী এই মিউজ এবং এর কাজ কী?
আসলে ‘মিউজ (Muse)’ হল মেটার (Meta) নতুন এআই পরিষেবা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা নিজেদের এআই প্রযুক্তিকে আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করছে। ইনস্টাগ্রামের শেয়ার মেনুতে ‘মিউজ’-এর অপশন দেখা যাওয়াও সেই পরিকল্পনারই অংশ।
সহজ কথায়, ইনস্টাগ্রাম থেকে কোনও পোস্ট বা রিল শেয়ার করার সময় এখন কিছু ব্যবহারকারীর সামনে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের পাশাপাশি ‘মিউজ’-এর আইকনও আসছে। সেখানে চাপ দিলে মেটার এআই পরিষেবার সঙ্গে ওই কনটেন্ট নিয়ে কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে। তাই ফোনে আলাদা করে ‘মিউজ’ অ্যাপ না থাকলেও ইনস্টাগ্রামের ভিতরে এই অপশন দেখা যাচ্ছে।
*কি কাজ করে ‘মিউজ’?* সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়া বা কোনও লেখা তৈরি করাই ‘মিউজ’-এর একমাত্র কাজ নয়। ব্যবহারকারীর বিভিন্ন দৈনন্দিন কাজ সহজ করার জন্য এআইকে কাজে লাগানোর দিকেই জোর দিচ্ছে মেটা।
ভ্রমণের পরিকল্পনা করতে ‘মিউজ’ সাহায্য করতে পারে। কোথায় যাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, কোথায় থাকা যায় ।এসব তথ্য খুঁজে দেওয়ার পাশাপাশি ফ্লাইট ও হোটেল খোঁজার মতো কাজও করতে পারে। ব্যবহারকারীর অনুমতি থাকলে বুকিংয়ের মতো কাজেও এআইকে কাজে লাগানোর ব্যবস্থা রয়েছে।
অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও ‘মিউজ’ ব্যবহার করা যেতে পারে। কোনও পণ্যের দাম সম্পর্কে নজর রাখা, দাম কমলে জানানো কিংবা প্রয়োজনীয় তথ্য খুঁজে দেওয়ার মতো কাজে এটি সাহায্য করতে পারে। ভবিষ্যতে ব্যবহারকারীর হয়ে কেনাকাটার মতো কাজ করার সুবিধাও যুক্ত করার দিকে এগোচ্ছে মেটা।
ই-মেল এবং ক্যালেন্ডারের কাজেও ‘মিউজ’ ব্যবহার করা যাবে। গুরুত্বপূর্ণ ই-মেলের সারাংশ তৈরি করা, মিটিংয়ের সময় ঠিক করা কিংবা ক্যালেন্ডারের বিভিন্ন কাজ সামলানোর মতো কাজেও এআই সাহায্য করতে পারে।
এ ছাড়াও এআইয়ের সাহায্যে ছবি বা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করার সুবিধা রয়েছে। ফলে ইনস্টাগ্রামের মতো ছবি ও ভিডিয়োকেন্দ্রিক প্ল্যাটফর্মের সঙ্গে মেটার এআই পরিষেবাকে যুক্ত করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
*হঠাৎ শেয়ার মেনুতে ‘মিউজ’ কেন?* ব্যবহারকারীদের মূল প্রশ্ন এখানেই। আসলে মেটা নিজেদের এআই পরিষেবাকে ইনস্টাগ্রামের সঙ্গে আরও বেশি করে যুক্ত করছে। তাই কোনও পোস্ট বা রিল শেয়ার করার সময় অন্যান্য অ্যাপের পাশাপাশি ‘মিউজ’-এর অপশনও দেখানো হচ্ছে।
এর অর্থ আপনার ফোনে হঠাৎ করে কোনও অচেনা অ্যাপ ইনস্টল হয়ে গিয়েছে, এমন নয়। এটি ইনস্টাগ্রামের শেয়ার মেনুর মধ্যেই মেটার এআই পরিষেবার একটি নতুন অপশন।
তবে প্রত্যেক ব্যবহারকারীর ইনস্টাগ্রামে একই সময়ে ‘মিউজ’ দেখা যাবে, এমন নয়। নতুন ফিচার সাধারণত ধাপে ধাপে চালু করে মেটা। ফলে কারও ফোনে এই অপশন দেখা গেলেও অন্য কারও ফোনে এখনও তা নাও আসতে পারে।
শুধু ইনস্টাগ্রামেই ‘মিউজ’-এর ব্যবহার সীমাবদ্ধ রাখতে চাইছে না মেটা। সম্প্রতি সংস্থাটি ‘মিউজ গ্যাজেটস (Muse Gadgets)’-কে ওপেন সোর্স করার ঘোষণা করেছে। এর ফলে ডেভেলপাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী মিউজকে ব্যবহার করে বিভিন্ন এআই গ্যাজেট তৈরি করতে পারবেন।
মেটা এ জন্য ইএসপি৩২ ফার্মওয়্যার (ESP32 Firmware), লিনাক্স এসডিকে (Linux SDK), গিটহাব রিপোজিটরি (GitHub Repository) এবং ডেভেলপার ডকুমেন্টেশন প্রকাশ করেছে। ইএসপি৩২ বোর্ড বা রাস্পবেরি পাইয়ের মতো ডিভাইস ব্যবহার করে মিউজের সঙ্গে ডিসপ্লে, বাটন, সেন্সর ও অডিয়োর মতো বিভিন্ন সরঞ্জাম যুক্ত করা যাবে।
এর পাশাপাশি ‘মিউজ হোম লিঙ্ক (Muse Home Link)’-এর কথাও জানিয়েছে মেটা। এই ডিভাইসের মাধ্যমে মিউজকে বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যাবে। সেই নেটওয়ার্কের সঙ্গে থাকা বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এআইকে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
ভারতে চালু হয়েছে কি ‘মিউজ (Muse)
তবে ভারতে ‘মিউজ (Muse)’-এর পরিষেবা এখনও পুরোপুরি চালু হয়নি। গুগল প্লে-স্টোরে ‘Muse from Meta’ নামে মেটার অফিসিয়াল অ্যাপ দেখা গেলেও ভারত থেকে সেটির লিঙ্কে ঢুকলে “This item is not available in your country” বার্তা দেখাচ্ছে। যার মানে, বর্তমানে এই দেশের ব্যবহারকারীদের জন্য অ্যাপটি আনুষ্ঠানিকভাবে ব্যবহারের সুযোগ নেই।
মেটা আপাতত আমেরিকা এবং কানাডার ব্যবহারকারীদের জন্য ‘মিউজ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে। অন্য দেশগুলিতে পরিষেবাটি এখনও পুরোপুরি উন্মুক্ত করা হয়নি। তবে ইনস্টাগ্রামের শেয়ার মেনুতে ‘মিউজ’ এর শর্টকাট বা আইকন দেখা শুরু হওয়ায় মেটা ভবিষ্যতে আরও দেশে এই পরিষেবা চালু করতে পারে বলেই মনে করা হচ্ছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
