রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকটি রাজ্য মন্ত্রিসভার বৈঠক মিলিয়ে প্রায় ৬০ হাজার নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এ দিনের বৈঠকেও বিভিন্ন দফতরে নতুন করে ১ হাজার ১৯৯টি পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের একাধিক দফতরে কর্মী নিয়োগের উদ্দেশ্যে এই নতুন পদগুলি তৈরি করা হচ্ছে।
কোথায় কোথায় নিয়োগ করবে?
প্রাণিসম্পদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, পুর ও নগরোন্নয়ন, দমকল ও জরুরি পরিষেবা, নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ-সহ বিভিন্ন দফতরের জন্য নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানানো তথ্য অনুযায়ী, এ দিনের মন্ত্রিসভার বৈঠকে মোট ১১৯৯টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী জানান, নতুন পদগুলিতে নিয়োগের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তবে কোন দফতরে কতগুলি পদে নিয়োগ হবে, কী যোগ্যতা প্রয়োজন, বয়সের সীমা কত থাকবে এবং আবেদন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যাবে।
মুখ্যমন্ত্রীর দাবি, গত কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে ধারাবাহিকভাবে নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। আগের বৈঠকগুলিতে কয়েক দফায় বহু পদ তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর এ বার আরও ১ হাজার ১৯৯টি পদে অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬০ হাজার নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ দিনের মন্ত্রিসভার বৈঠকে নতুন পদ তৈরির পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। তবে বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
