নিট (NEET-UG) প্রশ্নফাঁস কাণ্ডের জেরে উত্তাল হওয়া বিহারের রাজনীতিতে বড় মোড়। আন্দোলনের জেরে গ্রেফতার হওয়া এবং আইনি গেরোয় পড়া আন্দোলনকারীদের জন্য বড়সড় স্বস্তির বার্তা দিল সম্রাট চৌধুরীর সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ জুলাই সন্ধ্যা ছ’টার আগে পর্যন্ত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে যাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল, তাঁদের বিরুদ্ধে আর কোনও শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ করা হবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট ওই সময়সীমার মধ্যে দায়ের হওয়া সমস্ত এফআইআর, ফৌজদারি অভিযোগ এবং আন্দোলনকারীদের পাঠানো সমস্ত শোকজ নোটিস তুলে নেওয়ার আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিহার সরকার।
এছাড়া, আন্দোলনের জেরে যাঁদের গ্রেফতার বা আটক করা হয়েছিল, তাঁদের দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারের পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে, ২৬ জুলাই সন্ধ্যা ছ’টার আগের ঘটনার জেরে ভবিষ্যতে নতুন করে আর কোনও মামলা বা আইনি কোপের মুখে পড়তে হবে না আন্দোলনকারীদের।
নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকমাসে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল বিহারে। রাজ্যের বিভিন্ন জেলায় টানা বিক্ষোভ, সড়ক অবরোধ এবং বন্ধের কর্মসূচি পালন করেছিলেন চাকরিপ্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সেই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের লাঠিচার্জের মতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র পাটনাতেই ২০টি পৃথক এফআইআর দায়ের করে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিক্ষোভ থেকে প্রায় ২০০ জনকে আটক করা হয়।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
