কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গের জন্য রেল উপহারের ঘোষণা করেন। এদিন তিনি জানান, শিলিগুড়ি-দিল্লি বুলেট ট্রেন প্রকল্প চালু করার কথা। দিল্লি, লখনউ, বারাণসী ও পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত এই হাই-স্পিড করিডোর চালু হলে যাত্রীরা মাত্র ৬ ঘণ্টায় গন্তব্যে পৌঁছে যাবেন। রেলমন্ত্রী জানিয়েছেন, সফরটি হবে আরামদায়ক এবং দ্রুত। এই প্রকল্প শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে।
রেলমন্ত্রী আরও জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে কলকাতা মেট্রোয় ৬০টি নতুন জেনারেশনের মেট্রো ট্রেন যুক্ত করা হবে। এছাড়া রাজ্যে ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প চলবে, ১০২টি অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশনের আওতায় আসবে এবং ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মিত হবে।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের ২ কোটি মানুষ রেলের উপর নির্ভরশীল। নতুন সরকার গঠনের এক মাসের মধ্যেই রেলমন্ত্রী সময় দিয়েছেন। তিনি জানান, রেলকে জমি দেওয়ার বিষয়ে কোনো সমস্যা হবে না। এরজন্য প্রয়োজনে রাজ্য জমি কিনে রেলকে দেবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহলে রেল উন্নয়ন জোরদার করা হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, আগে রেল প্রকল্প আটকে ছিল। অনেক সময় কোর্টে যাওয়া হয়েছে উন্নয়ন আটকাতে, এখন পরিস্থিতি বদলেছে। মোদি সরকারের আমলে বাংলা রেলের জন্য ১৪,০০০ কোটি টাকা পাচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি। ইস্ট-ওয়েস্ট ফ্রেট করিডোরের কাজও এবার এগোবে।

