রাজ্যের নতুন সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ মিলবে। এই পরিষেবা পেতে গেলে লাগবে বিশেষ ‘পিঙ্ক কার্ড’। বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছে এই পিঙ্ক কার্ড দেখালে তিনি যাত্রীর জন্য শূন্য টাকার একটি টিকিট ইস্যু করবে।
জানা গেছে, সরকার বর্তমানে এই কার্ড বিতরণের প্রক্রিয়া নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই বিডিও, এসডিও অফিস বা স্থানীয় পুরসভাগুলির মাধ্যমে এই কার্ড দেওয়া হবে।
কার্ড হাতে পাওয়ার আগে পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে প্রশাসন। এই সময়কালে মহিলারা কোনো পিঙ্ক কার্ড ছাড়াই বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ব্যাঙ্কের পাসবুক, মনরেগা কার্ড বা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ দেয় এমন যেকোনো বৈধ সচিত্র পরিচয়পত্র দেখালেই হবে। সরকারি এসি, নন-এসি এবং দূরপাল্লার সমস্ত সরকারি বাসেই এই ফ্রি সুবিধা পাওয়া যাবে।
যাত্রী ও পরিবহণ কর্মীদের মধ্যে যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। সরকারি বাসের কন্ডাক্টর ও ড্রাইভারদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা খুব সহজেই যাত্রীদের পরিচয়পত্র যাচাই করে টিকিট ইস্যু করতে পারেন।
