কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুভেন্দু অধিকারীর করা পুরনো আদালত অবমাননার মামলা। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, “এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চাই না। মানুষকে শান্তিতে থাকতে দিন।” এরপরই তিনি মামলাটি খারিজ করে দেন।
তৃণমূল সরকারের আমলে, যখন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি অভিযোগ করেছিলেন যে বিধানসভার ভিতরে নিরাপত্তারক্ষীদের প্রবেশের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তাঁর দাবি ছিল, শাসকদলের বিধায়কদের নিরাপত্তাকর্মীরা বিধানসভায় প্রবেশের অনুমতি পেলেও বিরোধী দলের বিধায়কদের নিরাপত্তারক্ষীদের বাধা দেওয়া হতো। এই অভিযোগে তিনি তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন।
সোমবার মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার নোটিস পাঠানো হলেও অভিযুক্ত পক্ষ আদালতে হাজির হয়নি। তাই নতুন করে রুল জারির আবেদন করা হয়। তবে বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদন গ্রহণ করেননি।
শুনানির সময় বিচারপতি বলেন, মামলাটি দায়ের হওয়ার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। যে শুভেন্দু অধিকারী একসময় বিরোধী দলনেতা হিসেবে এই মামলা করেছিলেন, বর্তমানে তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করেই বিচারপতি বলেন, “মানুষকে শান্তিতে থাকতে দিন।” এরপর আদালত মামলাটি খারিজ করে চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করে।
