বিশ্বের জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু ধারিয়াল। তাঁর ঘন কালো চুলের দৈর্ঘ্য যেনো অবিশ্বাস্য ২৭১.৫ সেন্টিমিটার (৮ ফুট ১০ ইঞ্চি), যা প্রায় একটি কক্ষের উচ্চতার সমান।
চলতি বছরের শুরুতে হালদ্বানিতে আনুষ্ঠানিকভাবে তাঁর এই রেকর্ড যাচাই করা হয়। এর মাধ্যমে তিনি ইউক্রেনের আগের রেকর্ডধারীকে পেছনে ফেলেন, যার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ ইঞ্চির কিছু বেশি।
এ দিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রেণু ধারিয়ালের ছবি প্রকাশ করে তাঁর এই সাফল্যের কথা জানিয়েছে। তাঁরা জানান, জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের অধিকারী এখন ভারতের উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু। তাঁর চুলের দৈর্ঘ্য ২৭১.৫ সেন্টিমিটার (৮ ফুট ১০ ইঞ্চি)।
রেণুর এই যাত্রা শুরু হয় ২০১৫ সালে। সে সময় তিনি সিদ্ধান্ত নেন, আর কখনও চুল কাটবেন না। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুল সৌন্দর্য, ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক; সেই অনুপ্রেরণাতেই তিনি এত বছর ধরে চুল বড় করে তুলেছেন।
রেণু জানান, এত লম্বা চুল ধোয়া, শুকানো এবং আঁচড়াতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। তাই চুলের পরিচর্যার জন্য তাঁকে আলাদা সময় বরাদ্দ রাখতে হয়।
রেণু নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত চুলের যত্নের বিভিন্ন পরামর্শ ও ঘরোয়া পরিচর্যার পদ্ধতি শেয়ার করেন। প্রায় ৯ ফুট লম্বা চুলের কারণে তিনি যেখানে যান, সেখানেই মানুষের নজর কাড়েন। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলেন, আবার অনেকে তাঁর চুলের যত্নের রহস্য জানতে আগ্রহ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ভিডিও ও ছবিতে বিপুল পরিমানে সাড়া পায়।

