শপথ গ্রহণের পর আজ নবান্নে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের জন্য একগুচ্ছ স্বস্তির খবর শোনালেন। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগের সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্পই বন্ধ হচ্ছে না, বরং সেগুলিকে আরও স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে।
আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্ববর্তী সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলো বন্ধ হওয়া নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার কোনো ভিত্তি নেই। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুব সাথী প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্পই আগের মতো অব্যাহত থাকবে।
এছাড়া এদিন বলেন পূর্ববর্তী সরকারের চালু করা ‘যুব সাথী’ প্রকল্প কোনোভাবেই বন্ধ হচ্ছে না। শিক্ষিত বেকারদের চাকরির প্রস্তুতির সহায়তায় চালু থাকা এই প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘যুব সাথী’ প্রকল্পের সুবিধাভোগীরা আগের মতোই নিয়মিত আর্থিক সহায়তা পাবেন।
তিনি নিশ্চিত করেছেন, এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে যে ১,৫০০ টাকা করে পেতেন, নতুন সরকারের আমলেও তা নিরবচ্ছিন্নভাবে বজায় থাকবে। তবে এই আর্থিক সহায়তার পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে কি না, সে বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন নির্দিষ্ট করে কিছু জানাননি। আপাতত পূর্বনির্ধারিত এই বরাদ্দকৃত টাকা পাবেন বলে মনে করা হচ্ছে।
পাশাপশি প্রকল্পগুলো চালু রাখলেও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান: মৃত ব্যক্তিরা যাতে এই প্রকল্পগুলোর সুবিধা না পান, তা কড়া হাতে নিশ্চিত করা হবে। কেবলমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকরাই যাতে এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করেন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে।
স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্য সাথী, পড়ুয়াদের জন্য সবুজ সাথী (সাইকেল) ও তরুণের স্বপ্ন (ট্যাব/মোবাইল ভাতা) এবং কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পগুলোও আগের নিয়মেই চলবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছে।

