যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আগের সরকারের চালু করা ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে করা হল ‘ভরসা’ কর্মসূচি। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে। তবে আপাতত স্নাতক উত্তীর্ণ এবং সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা করে পাবেন। যাঁরা স্নাতক নন এবং সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণও নিচ্ছেন না, তাঁদের দেওয়া হবে মাসে ১,৫০০ টাকা।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পের দায়িত্বে থাকবে যুবকল্যাণ দফতর। আগের সরকারের সময়ে ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। তাঁদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ফের যাচাই করা হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। যাঁরা আগে আবেদন করেছিলেন, তাঁদেরও নতুন করে তথ্য যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে।
নতুন করে আবেদন করতে পারবেন তাঁরাও, যাঁরা আগের সরকারের সময়ে কোনও কারণে আবেদন করতে পারেননি বা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সে ক্ষেত্রে ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট দফতর আবেদনগুলি যুবকল্যাণ দফতরে পাঠাবে। প্রয়োজনীয় নথি, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের পর নতুন উপভোক্তাদের তালিকায় নাম তোলা হবে।
প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আপাতত ১৫ মাস এই হারে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পরবর্তী অর্থবর্ষ ২০২৮-২৯ থেকে স্নাতকদের মাসিক সহায়তা ৩,০০০ টাকা এবং অন্যদের ২,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে।
তবে এই প্রকল্পের সুবিধা সবাই পাবেন না। যাঁরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩,০০০ টাকা ভাতা পাচ্ছেন, তাঁরা ভরসা কর্মসূচির আওতায় আসবেন না। পাশাপাশি, একটি পরিবারের সর্বোচ্চ ২জন এই প্রকল্পের সুবিধা পাবেন। জানুয়ারি থেকে প্রকল্প কার্যকর হলেও ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক ভাবে এর সূচনা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
