নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। ভোটার তালিকা যাচাই বা SIR প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি ও ‘চক্রান্তের’ অভিযোগ তুলে আজ, শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে কোনো আপস নয়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এটি তৃণমূলের সবথেকে বড় রাজনৈতিক কর্মসূচির একটি হিসেবে দেখছে রাজ্যের জনগণ।
কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া ৬০ লক্ষের বেশি মানুষের নাম ‘বিবেচনাধীন’ (Under Adjudication) অবস্থায় ঝুলে আছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
শাসক দল তৃণমূলের অভিযোগ, বহু মানুষ যাঁরা বর্তমানে জীবিত ও সুস্থ রয়েছেন, তাঁদের নথিতে ‘মৃত’ দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও অনেক ভোটারকে বিচারাধীন অবস্থায় রেখেছে।
প্রসঙ্গত, আজকের এইদিনে ২০০৬ সালের ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলনের সময় যে মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় অনশনে বসেছিলেন, সেই একই স্থানকে তিনি বেছে নিয়েছেন প্রতিবাদের জন্য। রাজনৈতিক মহলের মতে, এই জায়গা থেকে তিনি একযোগে কমিশনের ওপর চাপ সৃষ্টি এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে লড়াইয়ের বার্তা দিতে চাইছেন বলে জানা যায়।
যদিও তৃণমূলের এই কর্মসূচিকে রাজনৈতিক স্টান্ট বলে অভিহিত করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর কথা ভেবেই ‘বিরোধী নেত্রী’ সুলভ প্র্যাকটিস শুরু করে দিয়েছেন।
উল্লেখ্য, গত ১ মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) সাংবাদিক বৈঠকে এই ধর্না কর্মসূচির কথা ঘোষণা করেন।

