এবারের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটদান প্রক্রিয়াকে ১০০ শতাংশ স্বচ্ছ করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। যারা ভোটারদের ভয় দেখানোর বা বুথ দখলের ছক কষছেন, তাদের জন্য রয়েছে কড়া সর্তক বার্তা। রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভোটারদের বুথে আসতে বাধা দিলেই সেই বুথে নতুন করে ভোট (Re-poll) নেওয়া হবে। একে ‘বুথ দখল‘ হিসেবেই গণ্য করবে কমিশন।
তবে এবারের সবথেকে বড় চমক হলো প্রযুক্তির ব্যবহার। রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানান, যার অনেকগুলোই চলবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সাহায্যে। এই স্মার্ট ক্যামেরাগুলো সরাসরি কন্ট্রোল রুমের সাথে যুক্ত থাকবে। এদিন তিনি বলেন, নিয়ম অনুযায়ী, ইভিএম-এর কাছে একজনের বেশি মানুষ গেলেই স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বা সতর্কবার্তা পৌঁছে যাবে কর্মকর্তাদের কাছে। শুধু তাই নয়, বুথের ভেতর যদি চারজনের বেশি অনধিকারপ্রবেশকারী ঢোকে, তাহলেও সঙ্গে সঙ্গে খবর চলে যাবে কন্ট্রোল রুমে।
পাশাপাশি ভোট সুনিশ্চিত করতে বুথ থেকে শুরু করে টহলদারি গাড়ি বিভিন্ন জায়গাতেই সিসিটিভি নজরদারি থাকবে। এই নজরদারি চালানো হবে তিন স্তরে প্রথমে স্থানীয় স্তরে, তারপর জেলা শাসকের অফিসে এবং সবশেষে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এছাড়া প্রায় ২,৫০০ জন মাইক্রো-অবজারভারও মোতায়েন করা হচ্ছে।
