রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফা নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটাল নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের নওদা, ডোমকল কিংবা বীরভূমের দুবরাজপুর, লাভপুরের মতো বেশ কিছু আসনে পুনর্নির্বাচন বা ‘রি-পোলিং’ নিয়ে যে খবর চাউর হয়েছিল, তা খারিজ করে দিয়েছে কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম দফার ৪৪ হাজার ৩৭৬টি ভোট গ্রহণ কেন্দ্রের কোথাও’ই নতুন করে ভোট নেওয়া হবে না।
প্রাথমিকভাবে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, নির্বাচনী বিশৃঙ্খলার কারণে মুর্শিদাবাদের নওদা (১৪টি বুথ), ডোমকল (১৬টি বুথ), দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ (৯টি বুথ), পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ (৫টি বুথ) এবং বীরভূমের দুবরাজপুর (১১টি বুথ) ও লাভপুর (৭টি বুথ) আসনে ২৬শে এপ্রিল পুনর্নির্বাচন হতে পারে। কিন্তু স্ক্রুটিনি শেষে কমিশন জানিয়েছে, এই আসনগুলিতে বড় ধরনের কোনো কারচুপি বা হিংসার প্রমাণ মেলেনি যা ভোট বাতিলের যোগ্য।
কমিশনের তরফে জানানো হয়েছে, এই দফায় বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া কোনো বড় রকমের হিংসা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
