সোমবার নবান্নে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই জনহিতকর ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে নতুন সরকার। এদিনের বৈঠকে সবচেয়ে বড় ঘোষণা ছিল রাজ্যে দীর্ঘ প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত‘ প্রকল্প চালু করা। এর ফলে এখন থেকে রাজ্যের সাধারণ মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে উন্নত চিকিৎসার সুবিধা পাবেন।
এদিন বেলা ১১টা নাগাদ নবান্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ ও নিশীথ প্রামাণিক-সহ অন্যান্যরা। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দ্রুত এই প্রকল্পের চুক্তি সম্পন্ন করা হবে। আয়ুষ্মান ভারতের অধীনে হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ভর্তির পরবর্তী ১৫ দিনের ওষুধ ও পরীক্ষার খরচও বিমার অন্তর্ভুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগের সরকারের আটকে রাখা সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এবার থেকে বাংলায় পুরোদমে কার্যকর হবে। আয়ুষ্মান ভারত ছাড়াও প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, কর্প বিমা, বেটি বাঁচাও এবং বিশ্বকর্মা যোজনার মতো প্রকল্পগুলিতে রাজ্য সরকার যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, পূর্বতন সরকার প্রায় ৮.৬৫ লক্ষ বিশ্বকর্মা যোজনার আবেদন আটকে রেখেছিল, যা দ্রুত ক্লিয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কামার, কুমোর, তাঁতি ও স্বর্ণকারদের মতো হস্তশিল্পীরা সরাসরি কেন্দ্রীয় অনুদান ও ঋণের সুবিধা পাবেন।
রান্নার গ্যাসের সংযোগ বা উজালা প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘উজ্জ্বলা ৩’ প্রকল্পে বাংলার জন্য আরও ১৫ লক্ষ নতুন কোটা রয়েছে। এই সুবিধা যাতে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে নতুন মন্ত্রিসভা।
