রাজ্যে দীর্ঘদিনের ‘তোলাবাজি’ এবং বেআইনি কর আদায়ের সিন্ডিকেট ভাঙতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। মঙ্গলবার রাতে নবান্নের তরফে রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল বিজ্ঞপ্তি জারি করেছেন। এই নির্দেশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় ও রাজ্য সড়কে যে সমস্ত অবৈধ টোলপ্লাজা বা ড্রপগেট বসিয়ে টাকা তোলা হচ্ছে, সেগুলি অবিলম্বে বন্ধ করে দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলায় কোথায় কোথায় এমন অবৈধ টোলগেট, ড্রপগেট বা কালেকশন পয়েন্ট রয়েছে, জেলাশাসকদের তা দ্রুত খুঁজে বের করতে হবে এবং তৎক্ষণাৎ সরিয়ে ফেলতে হবে। শুধু সরিয়ে দেওয়াই নয়, যাতে পুনরায় সেই জায়গায় নতুন করে কোনো বেআইনি গেট তৈরি না হয়, তাও নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। বিশেষ করে হাইওয়েতে যাতায়াতকারী লরি বা বাণিজ্যিক গাড়ির চালকদের কাছ থেকে যাতে আর কোনো অবৈধ কর বা টাকা আদায় না করা হয়, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ মে, শুক্রবার দুপুর ১২টার মধ্যে রাজ্যের প্রতিটি জেলার সমস্ত বৈধ ও অবৈধ টোল গেটের তালিকা এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য মুখ্যসচিবের দপ্তরে জমা দিতে হবে।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায় উল্লেখ করেছেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে আর কোনো ‘তোলাবাজি’ বরদাস্ত করা হবে না।

