দেশের বিমানবন্দর রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার’ (AAI) (Advt No: 01/2026/ER/APPRENTICE) সম্প্রতি ২৮ জুলাই, ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি জারি করেছে। ২০২৬-২৭ বর্ষের এক বছরের এই প্রশিক্ষণ কোর্সে মোট ১৪০টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থায়ী বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
কলকাতা বিমানবন্দর, বাগডোগরা, পাটনা, ভুবনেশ্বর ও রাঁচি সহ পূর্ব ভারতের বিভিন্ন বিমানঘাঁটিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মূলত তিনটি বিভাগে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য ৩৫টি আসন এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য ৩৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
আইটিআই (ITI) উত্তীর্ণদের জন্য রয়েছে সবথেকে বেশি, ৭০টি আসন। আবেদনকারীকে অবশ্যই ২০২৪ সাল বা তার পরে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি, ডিপ্লোমা অথবা আইটিআই পাস হতে হবে, যা চলতি বছরের ৩০ জুন তারিখের মধ্যে কার্যকর হওয়া আবশ্যক।
জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা ও পদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। গ্র্যাজুয়েট শিক্ষানবিসেরা প্রতি মাসে ১৫,০০০ টাকা এবং ডিপ্লোমা প্রার্থীরা ১২,০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, আইটিআই উত্তীর্ণ প্রার্থীরা প্রথম বছর প্রতি মাসে ৯,৬০০ টাকা এবং দ্বিতীয় বছর ১০,৫৬০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে কেন্দ্রীয় পোর্টাল (education.gov.in) এবং আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে (apprenticeshipindia.gov.in) পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট বিমানবন্দরের এনরোলমেন্ট আইডি (Enrolment ID) সার্চ করে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
Airports Authority of India Eastern Region Recruitment Notification 2026: PDF Download

