মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুনের মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃতদের নাম সাগর সোনকার ও সাহেব সোনকার। তারা দুই ভাই এবং চন্দ্রনাথ রথের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। শুক্রবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে তোলা হলে আদালত তাদের সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে সাগর সোনকার নিয়মিত একটি বিরোধী রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ের ল্যান্ডলাইন নম্বরে যোগাযোগ রাখতেন। কল রেকর্ড খতিয়ে দেখে এই তথ্য সামনে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। ওই যোগাযোগের সূত্র ধরে কোন রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা নেতার নাম এখনও প্রকাশ করেনি।
তদন্তে আরও দাবি করা হয়েছে, ২০২০ সাল পর্যন্ত সাগর সোনকার ওই বিরোধী রাজনৈতিক দলের এক বিধায়কের সঙ্গে কাজ করতেন। পরে তিনি বিজেপিতে যোগ দিয়ে চন্দ্রনাথ রথের সহযোগী হিসেবে কাজ শুরু করেন। সিবিআই-এর অভিযোগ, অভিযুক্ত সাগর আততায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সুপারির টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। তদন্তে সেই সংক্রান্ত তথ্যপ্রমাণ মিলেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, গত ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গাড়িতে যাওয়ার সময় মোটরবাইক আরোহী দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। পরে রাজ্য সরকারের অনুরোধে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই এবং দিল্লির স্পেশাল ক্রাইম শাখার এক ডিআইজির নেতৃত্বে সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়।
এই মামলায় এর আগেই একাধিক শুটার ও সুপারি চক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না এবং রাজনৈতিক যোগসূত্রের অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। এখনও একজন অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে সিবিআই।

