বাংলা সংবাদমাধ্যমে ফের শুরু হয়েছে বড়সড় জল্পনা। এবার সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট অ্যাসাইনমেন্ট ময়ূখ রঞ্জন ঘোষ। একাধিক সূত্রের দাবি, তিনি চ্যানেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বুধবার দুপুর পর্যন্ত এই বিষয়ে রিপাবলিক বাংলা বা ময়ূখ রঞ্জন ঘোষ কেউই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।
সংবাদমহলের একাংশের দাবি, মঙ্গলবার অফিসে নিজের শেষ দায়িত্ব পালন করার পর তিনি অফিস-সংক্রান্ত একাধিক আনুষ্ঠানিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন। এমনকি অফিসিয়াল ই-মেল ব্যবহার বন্ধ করা এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ার কথাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। তবে এই দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করেনি এমডি ৩৬৯ নিউজ।
এদিকে অভিনেতা, রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিক নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন, ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা থেকে পদত্যাগ করেছেন। তাঁর কথায়, টেলিভিশন সংবাদমাধ্যমের বদলে যাওয়া বাস্তবতা, নতুন প্রজন্মের দর্শকের অভ্যাস এবং পডকাস্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক কনটেন্টের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন ময়ূখ। পোস্টে আরও দাবি করা হয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে জানানো হতে পারে।
তবে ময়ূখ রঞ্জন ঘোষ বাংলা টেলিভিশন সংবাদমাধ্যমের অন্যতম আলোচিত মুখ। বিশেষ করে রিপাবলিক বাংলার আয়োজিত ‘জবাব চায় বাংলা’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর উপস্থাপনার ধরন, উচ্চকণ্ঠে বক্তব্য রাখা, নাটকীয় অভিব্যক্তি এবং আক্রমণাত্মক প্রশ্ন করার ভঙ্গি তাঁকে অন্য অনেক সংবাদ উপস্থাপকের থেকে আলাদা করেছে।
তাঁর এই উপস্থাপনাশৈলী নিয়ে বরাবরই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দর্শকদের একাংশের মতে, তাঁর উপস্থাপনা টেলিভিশন বিতর্ককে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, অনেক সময় সংবাদ উপস্থাপনার চেয়ে ব্যক্তিগত মতামত ও নাটকীয়তার প্রাধান্য বেশি দেখা যায়, যা সাংবাদিকতার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ময়ূখ রাজ্য ও দেশের পাশাপাশি পাশ্ববর্তী দেশ বাংলাদেশেও সামাজিক মাধ্যমে তাঁর ভিডিও নিয়মিত ভাইরাল হয়। তাঁর বক্তব্য, অঙ্গভঙ্গি ও উপস্থাপনার বিভিন্ন অংশ নিয়ে অসংখ্য মিম এবং ট্রোলও তৈরি হয়েছে। ফলে তিনি যেমন সমর্থকদের কাছে জনপ্রিয়, তেমনি সমালোচকদের কাছেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন।
ময়ূখ রঞ্জন ঘোষ বর্তমানে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ অ্যাসাইনমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এবিপি আনন্দ, টাইমস নাউ এবং নিউজ18 বাংলার মতো একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে রিপাবলিক বাংলা ছাড়ার জল্পনা তৈরি হওয়ায় বিষয়টি সংবাদমহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

