আগামীকাল, ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে NEET UG 2026 এর প্রথম রাউন্ডের কাউন্সেলিং রেজিস্ট্রেশন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটা (AIQ), ডিমড বিশ্ববিদ্যালয়, AIIMS, JIPMER, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং B.Sc Nursing কোর্সে ভর্তির বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং সম্পূর্ণ ডিজিটাল করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনেরও ঘোষণা করেছে।
জানা গেছে, চলতি বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে মোট ১,৩৬,৯৩৯টি এমবিবিএস আসনে ভর্তি নেবে। এর মধ্যে ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটার আসনের কাউন্সেলিং পরিচালনা করবে MCC, আর বাকি আসনগুলিতে সংশ্লিষ্ট রাজ্য কাউন্সেলিং কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।
প্রথম রাউন্ড কাউন্সেলিং: MCC এর প্রকাশিত সূচি অনুযায়ী, ৫ আগস্ট থেকে ১২ আগস্ট দুপুর ৩টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। একই সঙ্গে ১২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
এরপর ৬ আগস্ট থেকে ১৩ আগস্ট সকাল ১১টা পর্যন্ত প্রার্থীরা পছন্দের কলেজ ও কোর্স নির্বাচন (Choice Filling) করতে পারবেন। ১২ আগস্ট বিকেল ৪টা থেকে ১৩ আগস্ট সকাল ১১টা পর্যন্ত চয়েস লকিংয়ের সুযোগ থাকবে।
১৩ থেকে ১৬ আগস্ট সিট অ্যালটমেন্ট প্রক্রিয়া চলবে এবং ১৭ আগস্ট প্রথম রাউন্ডের ফল প্রকাশ হবে। যাঁদের আসন বরাদ্দ হবে, তাঁদের ১৮ থেকে ২২ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রিপোর্ট করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে এবারের কাউন্সেলিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন হল আপগ্রেডের জন্য আর কলেজে গিয়ে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে না। আগে প্রথম রাউন্ডে আসন পাওয়ার পর পরবর্তী রাউন্ডে আপগ্রেডের আবেদন করলে সংশ্লিষ্ট কলেজে গিয়ে শারীরিকভাবে উপস্থিত হওয়া বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ফলে অযথা যাতায়াতের ঝামেলা আর থাকবে না।
এছাড়া প্রথমবারের মতো অনলাইন রেজিগনেশন ব্যবস্থা চালু হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা কাউন্সেলিং পোর্টাল থেকেই বরাদ্দ আসন ছেড়ে দিতে পারবেন। এর জন্য আর কলেজে গিয়ে আলাদা আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।
ডিমড বিশ্ববিদ্যালয়ে NRI কোটায় আবেদনকারীদের জন্যও সম্পূর্ণ অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন চালু করা হয়েছে। প্রয়োজনীয় নথি সরাসরি কাউন্সেলিং পোর্টালে আপলোড করা যাবে, ফলে পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
এবার NEET UG 2026 কাউন্সেলিং মোট চারটি ধাপে অনুষ্ঠিত হবে—
রাউন্ড–১
রাউন্ড–২
রাউন্ড–৩
অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড।
দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। ফল প্রকাশ হবে ২ সেপ্টেম্বর এবং নির্বাচিত প্রার্থীদের ৩ থেকে ৮ সেপ্টেম্বর রিপোর্ট করতে হবে।
তৃতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন হবে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর। সিট অ্যালটমেন্টের ফল প্রকাশ হবে ১৮ সেপ্টেম্বর এবং রিপোর্টিং চলবে ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর।
এরপর অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের রেজিস্ট্রেশন হবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর। ফল প্রকাশ হবে ৩ অক্টোবর এবং রিপোর্টিং শেষ হবে ১০ অক্টোবর।
এছাড়াও মেডিক্যাল কাউন্সেলিং কমিটির তরফে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাডেমিক সেশন শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সেলিং শেষ করতে সমস্ত মেডিক্যাল কলেজ ও রাজ্য কাউন্সেলিং কর্তৃপক্ষকে প্রয়োজনে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও ভর্তি সংক্রান্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

