যন্তর মন্তরে আন্দোলনের সময় এক আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগে গ্রেফতার হওয়া স্বতন্ত্র ভরদ্বাজকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল দিল্লির আদালত। মঙ্গলবার পটিয়ালা হাউস আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে।
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-র অবস্থান-বিক্ষোভ চলাকালীন ২৩ জুন গোলমালের অভিযোগ ওঠে। অভিযোগ, ওই সময় আন্দোলনকারী এক নাবালিকা ছাত্রীর বাবা সঞ্জয় আজাদের উপর হামলা হয়। মাথায় আঘাত লাগার অভিযোগও ওঠে।
ঘটনাকে ঘিরে একাধিক মামলা দায়ের হয়। পরে মামলায় তফসিলি জাতি ও জনজাতির উপর অত্যাচার প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয়। নাবালিকাকে ঘিরে পকসো আইনের ধারাতেও মামলা হয়েছে বলে আদালতে জানানো হয়।
এর মধ্যেই একটি পডকাস্টের ভিডিয়ো সামনে আসে। সেখানে স্বতন্ত্রকে ওই ঘটনার প্রসঙ্গে কথা বলতে দেখা যায়। অভিযোগকারীর আইনজীবীর দাবি, ভিডিয়োতে স্বতন্ত্রকে হামলার কথা স্বীকার করতে শোনা গিয়েছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই তাঁকে গ্রেফতারের দাবি আরও জোরালো হয়।
শেষ পর্যন্ত সেপ্টেম্বরের গোড়ায় উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে স্বতন্ত্রকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লিতে এনে আদালতে হাজির করানোর পর প্রথমে পুলিশি হেফাজত এবং পরে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।
জামিনের শুনানিতে অবশ্য স্বতন্ত্রের আইনজীবী অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ঘটনার দিন বিক্ষোভকারীদের হাতেই আক্রান্ত হয়েছিলেন স্বতন্ত্র। সেই দাবির পক্ষে একটি ভিডিয়োও আদালতে দেখানো হয়।
অন্য দিকে, অভিযোগকারীর আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, এই ঘটনায় মোট চারটি এফআইআর হয়েছে। এসসি/এসটি আইন এবং পকসো আইনে দায়ের হওয়া মামলাগুলির তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। এই অবস্থায় জামিন দেওয়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে বলেও আদালতে দাবি করা হয়।
শুনানির সময় জাত তুলে গালিগালাজের অভিযোগ নিয়েও দিল্লি পুলিশের কাছে জানতে চায় আদালত। পুলিশ জানায়, প্রথম অভিযোগে এই বিষয়টির উল্লেখ ছিল না। পরে অভিযোগকারীর বয়ান ফের নথিভুক্ত করার সময় জাতিবিদ্বেষমূলক গালিগালাজের অভিযোগ সামনে আসে। তার পরেই এসসি/এসটি আইনের সংশ্লিষ্ট ধারা যুক্ত করা হয়।
তবে অন্তর্বর্তী জামিন মিললেও স্বতন্ত্রের উপর একাধিক শর্ত দিয়েছে আদালত। মামলার সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা যাবে না। অভিযোগকারী, তাঁর পরিবারের সদস্য বা মামলার সাক্ষীদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন না তিনি।
তিন সপ্তাহের জন্য এই জামিন দেওয়া হয়েছে। তবে ঘটনার অভিযোগগুলি সত্য কি না, তা পরবর্তী তদন্ত এবং আদালতের বিচারপ্রক্রিয়াতেই নির্ধারিত হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
