অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক বিডিও অফিসের সামনে জড়ো হতে শুরু করেন মহিলারা। জলপাইগুড়ি সদর থেকে কোচবিহারের মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা—বিভিন্ন জায়গায় টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান তাঁরা। কোথাও বিডিও অফিসের সামনে অবস্থান, কোথাও আবার রাস্তা আটকে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জায়গায় পুলিশকেও নামতে হয়।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে না। কারও অভিযোগ, চার মাস আগে আবেদন করেও এখনও টাকা মেলেনি। আবার কারও দাবি, আবেদন করার পর থেকে এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র ঠিক থাকার পরেও কেন টাকা আটকে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, তাঁরা যদি প্রকৃতই অযোগ্য হন, তা হলে তাঁদের আবেদন কোন নির্দিষ্ট নিয়মে বাতিল হয়েছে, তা প্রশাসন স্পষ্ট করে জানাক । আর যদি তাঁরা যোগ্য হন, তা হলে এত দিন ধরে টাকা আটকে থাকার কারণই বা কী ?
জলপাইগুড়ি সদর বিডিও অফিসের সামনে সকাল থেকেই বহু মহিলা জড়ো হন বলে স্থানীয় সূত্রে খবর। তাঁদের অভিযোগ, একাধিক বার প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও সুরাহা হয়নি। ফলে এ দিন তাঁরা একসঙ্গে বিডিও অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে যেতে হয় বলে জানা গিয়েছে।
মাথাভাঙাতেও ছবিটা ছিল একই। বিভিন্ন গ্রাম থেকে মহিলারা মাথাভাঙা-১ নম্বর বিডিও অফিসের সামনে জড়ো হন। তাঁদের অভিযোগ, ফর্ম জমা দিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। তার পরেও অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। বিক্ষোভ চলাকালীন মাথাভাঙা-ময়নাগুড়ি সড়কে পথ অবরোধ করেন মহিলাদের একাংশ। ফলে কিছু সময়ের জন্য যান চলাচলেও সমস্যা তৈরি হয়।
কোচবিহারের শীতলকুচিতেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে বিডিও অফিসের সামনের রাস্তায় ধর্নায় বসেন মহিলারা। তাঁদের দাবি, আধার লিঙ্ক-সহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকার পরেও আবেদন আটকে রয়েছে। মাসের পর মাস ‘আন্ডার প্রসেস’ দেখাচছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার আবেদন করে। পুলিশের তরফে বলা হয়, রাস্তা আটকে রাখলে সাধারণ মানুষের সমস্যা হবে। তার বদলে বিডিও অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়। যদিও বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, তাঁদের অফিসের ভিতরে গিয়ে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।
দিনহাটা-১ ব্লকেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভের খবর এসেছে।
একই অভিযোগে শিলিগুড়ি এসডিও অফিসের সামনেও মহিলারা জড়ো হন। তাঁদের অভিযোগ, চার মাস ধরে আবেদন জমা রয়েছে, কিন্তু এখনও টাকা পাওয়ার কোনও ব্যবস্থা হয়নি। উপস্থিত মহিলারা নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিয়েছেন ।
অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি ১৭ সেপ্টেম্বর থেকে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সরকারি ঘোষণা অনুযায়ী, এ দফায় প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর কথা। কিন্তু টাকা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে টাকা না পাওয়ার অভিযোগ সামনে আসছে।
এমনকি বিক্ষোভকারীদের একাংশের দাবি, সব যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা না দিলে অন্যদেরও টাকা দেওয়া বন্ধ করা হোক। তাঁদের বক্তব্য, ‘‘একই প্রকল্পে আবেদন করে কেউ টাকা পাবেন, আর কেউ শুধু অপেক্ষা করবেন?”
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
