রাজ্যের যুবক-যুবতীদের জন্য চালু হতে চলেছে নতুন ‘ভরসা’ প্রকল্প। আগে এই প্রকল্পের নাম ছিল ‘যুবসাথী’। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ রাখা হয়েছে। তবে যাঁরা আগে যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পেতেন, তাঁদের মনে প্রশ্ন উঠেছে, নতুন প্রকল্পে সুবিধা পেতে কি আবার আবেদন করতে হবে? এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা আগে যুবসাথী প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পেতেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। রাজ্যের কাছে আগে থেকেই ওই উপভোক্তাদের তথ্য রয়েছে। প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাঁদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নথিভুক্ত রয়েছে। তবে পুরনো উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশনের কাজ চলবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই যাচাই প্রক্রিয়া চলবে বলে জানা গেছে।
নতুন ‘ভরসা’ প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আলাদা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্নাতক উত্তীর্ণ যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা করে পাবেন। সরকারি আইটিআই, ডিপ্লোমা-সহ সরকারি কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও মাসে ২,০০০ টাকা পাবেন। অন্য দিকে, যাঁরা স্নাতক নন এবং সরকারি কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণও নিচ্ছেন না, তাঁরা মাসে ১,৫০০ টাকা করে পাবেন।
তবে এখনই এই প্রকল্পে স্নাতকদের মাসে ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৮-২৯ অর্থবর্ষে স্নাতকদের মাসিক সাহায্য ৩,০০০ টাকা এবং অন্য উপভোক্তাদের সাহায্য ২,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে।
যাঁরা আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেননি, অথবা কোনও কারণে তাঁদের নাম উপভোক্তার তালিকায় ওঠেনি, তাঁদের জন্যও সুযোগ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে নতুন আবেদন জমা নেওয়া হবে। সংশ্লিষ্ট দফতর সেই আবেদনগুলি যুবকল্যাণ দফতরে পাঠাবে। সেখানে আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় তথ্য ভেরিফিকেশন করার পর টাকা দেওয়া হবে।
প্রকল্পের টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর হবে বলে জানান মুখ্যমন্ত্রী। জানুয়ারি ২০২৭ থেকে প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানানো হলেও ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের সূচনা করা হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
