সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভিএম এবং ভোট গণনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার ১০ দিন পর অবশেষে জামিন পেলেন ‘বাংলা পক্ষ’ সংগঠনের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের দায়ের করা মামলাসহ তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত আইনি জটিলতা কেটে যাওয়ায় গর্গের জেলমুক্তিতে আর কোনো বাধা রইল না।
জানা গিয়েছে, মূলত দুটি কড়া শর্তে এবং দুই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে গর্গ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছেন বিচারক। শর্ত অনুযায়ী, মামলার তদন্ত প্রক্রিয়ায় তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রতি সপ্তাহে অন্তত একবার সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। এর আগে ময়দান থানার একটি মামলায় জামিন পেলেও, সাইবার ক্রাইম থানার মামলার কারণে গত ১২ মে থেকে তিনি লালবাজারের লক-আপ এবং পরবর্তীতে জেল হেফাজতেই ছিলেন। শুক্রবার কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হলে এই নির্দেশ দেন বিচারক।
বিতর্কের সূত্রপাত হয় নির্বাচন চলাকালীন গর্গ-র কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডের অভিযোগ ছিল, গর্গ চট্টোপাধ্যায় ইভিএম কারচুপি ও হাতবদলের মতো উসকানিমূলক দাবি করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে পথে নামার আহ্বান জানাচ্ছিলেন। কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা জানিয়েছেন, এই ঘটনায় লালবাজারের তরফে গর্গ কে দু’বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। ফলত, গত ১২ মে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘ ১০ দিনের আইনি টানাপড়েন শেষে সবকটি মামলায় জামিন পাওয়ায় দ্রুতই কারামুক্ত হতে চলেছেন ।
