বিধানসভা নির্বাচনের আবহে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম (EVM) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে গ্রেপ্তার হলেন ‘বাংলা পক্ষ‘ এর প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা তাঁকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়ের করা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই কড়া পদক্ষেপ নিয়েছে। এদিন দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় লালবাজারের আধিকারিকরা।
সূত্রে খবর, গত কয়েকদিন ধরে গর্গ চট্টোপাধ্যায় তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভিএম-এর বিশ্বস্ততা নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট করেন। নির্বাচন কমিশনের দাবি, ওই পোস্টগুলি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছিল এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার মতো উস্কানি ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিক (DEO) গর্গর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। সেই অভিযোগ খতিয়ে দেখার পর রবীন্দ্র সরোবর থানা এবং সাইবার ক্রাইম থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
নির্বাচন কমিশন আগেই সতর্ক করেছিল যে, ভোটের সময় সোশ্যাল মিডিয়ায় কোনো ধরণের গুজব বা প্ররোচনামূলক খবর ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার সেই বার্তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে তাকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর পোস্টগুলোর নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
