গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সংস্থার দাবি, নিজেদের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই তারা গত ৩ মে অনুষ্ঠিত হওয়া ‘নিট ইউজি ২০২৬’ (NEET-UG 2026) পরীক্ষাটি বাতিল ঘোষণা করছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হওয়ার পরই এই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।
পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি পরীক্ষার্থীদের সমর্থনে ময়দানে নামলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। সদ্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা বিজয় স্পষ্ট জানিয়েছেন, এনসিইআরটি (NCERT) ভিত্তিক সিলেবাসে সর্বভারতীয় স্তরে পরীক্ষা হওয়ার ফলে রাজ্যভিত্তিক ভিন্ন পাঠ্যক্রমের ছাত্রছাত্রীরা, বিশেষ করে গ্রামীণ ও অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাঁর মতে, বর্তমান পরীক্ষা পদ্ধতিটি গ্রামীণ মেধাকে কার্যত কোণঠাসা করে দিচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে, ২০২৪ সালেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো কলঙ্কিত ঘটনা ঘটেছিল। এত সংস্কারের পরেও ২০২৬ সালে একই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে এই জাতীয় স্তরের পরীক্ষার কাঠামোয় গভীর ত্রুটি রয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষায় তাঁর জোরালো দাবি, নিট প্রথা পুরোপুরি বাতিল করে ভর্তি প্রক্রিয়ার দায়িত্ব রাজ্যগুলোর হাতেই ফিরিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তির অনুমতি দেওয়ার জন্য তিনি কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন।

