রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ক্রমশ জমে উঠছে মুর্শিদাবাদের রাজনৈতিক লড়াই। এ বার নির্বাচনী ময়দানে নামলেন হুমায়ূন কবিরের ছেলে গোলাম নবি আজাদ ওরফে রবিন। বুধবার মুর্শিদাবাদ জেলা শাসকের কার্যালয়ে গিয়ে আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-এর প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গোলাম নবি আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। রেজিনগরের পরিচিত রাজনৈতিক মুখ হুমায়ূন কবিরের ছেলে রবিনের প্রার্থী হওয়াকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
মনোনয়ন জমা দেওয়ার পর রেজিনগরের সার্বিক উন্নয়নকেই নির্বাচনী লড়াইয়ের প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন গোলাম নবি আজাদ এবং তাঁর বাবা হুমায়ূন কবির। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় হুমায়ূন জানান, এলাকার মানুষের উন্নয়ন, মৌলিক অধিকার রক্ষা এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই নির্বাচনী ময়দানে নেমেছেন তাঁর ছেলে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ৯ অক্টোবর।

